সেনাবাহিনী ফেনীর সুলতানপুরের ঘটনা সম্পর্কে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে
ফেনীর সুলতানপুরে সেনাসদস্যদের সঙ্গে স্থানীয় জনগণের সংঘর্ষের ঘটনা সম্পর্কে বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাসদস্যরা কোনও অন্তঃসত্ত্বা নারী বা গ্রামের শিশুদের কাউকে মারধর করেনি। বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, এ ধরণের অসত্য তথ্য ও সংবাদ প্রকাশের আগে প্রকৃত ঘটনা যাচাই করে প্রকাশ করা বাঞ্ছনীয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনা তদন্তের জন্য কর্তৃপক্ষ ইতোমধ্যেই একজন লে: কর্নেলকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত আদালত গঠন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফেনী পুরাতন বিমানবন্দর এলাকার ক্যাম্পে রিক্সা করে ফেরার সময় সেলিম ও এমালোকসহ আরও কয়েক জন মাদকাসক্ত স্থানীয় যুবক সেনাবাহিনীর সদস্য সিপাহী তারিকুল ইসলাম এবং সার্জেন্ট মফিজুর রহমানকে আক্রমণ করে। তারা সেনাসদস্যদের কাছে থাকা নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান দ্রব্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদের মারধর করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে সেনাসদস্যরা ক্যাম্পে ফিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ওই গ্রামে যায় এবং সেলিমকে আটক করে নিয়ে আসার সময় কিছু উচ্ছৃঙ্খল গ্রামবাসী তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েক জন আহত হয়।
