প্রতিমন্ত্রীর প্রটোকল গাড়ি ও বাসের চাপায় টাঙ্গাইলে নিহত ৩ আহত ৪
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরের প্রটোকলের গাড়ি এবং একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শুক্রবার টাঙ্গাইলে ৩জন নিহত এবং ৪জন আহত হয়েছে।
সকাল ১০টায় টাঙ্গাইল বঙ্গবন্ধু যমুনা সেতু সড়কের কান্দিলা এলাকায় প্রতিমন্ত্রীর প্রটোকলের মাইক্রোবাস চাপায় মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ জানায়, নিহত মাহবুব একজন দিনমজুর। তার বাড়ি কুড়িগ্রামের বিদ্যানল গ্রামে। এ ঘটনায় আহত একই জেলার ডিমলা উপজেলার লিপন(২৫) কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর ঘটনাটি ঘটে বিকেলে জেলার করাতিপাড়া এলাকায়। ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা-ঈশ্বরদীগামী যাত্রীবাহী একটি বাসের নীচে চাপা পড়ে এক অজ্ঞাত মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী এবং দু’পথচারী আহত হয়। হাসপাতালে নেয়ার পর মোটর সাইকেলের অপর আরোহীর মৃত্যু ঘটে।
আহত পথচারীরা হচ্ছে: করটিয়া গ্রামের লাল মিয়া (২৬) ও করাতিপাড়ার হালিম (২৫)।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
