আরিচায় লঞ্চডুবি: আরো ১৪ টি লাশ উদ্ধার, এ পর্যন্ত মৃত ৪৫ জন
আরিচায় লঞ্চডুবির ঘটনায় ডুবুরি ও স্থানীয় জনসাধারণ শুক্রবার ১৪ টি মৃতদেহ উদ্ধার করে। এ নিয়ে মোট উদ্ধার করা লাশের সংখ্যা ৪৫ এ দাঁড়ালো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবল স্রোতে অনেক মৃতদেহ ভেসে গেছে।
শুক্রবার উদ্ধার করা ১৪ টি লাশের মধ্যে পাঁচজনের পরিচয় আত্মীয় স্বজনরা সনাক্ত করেছেন। তারা হচ্ছেন, জাফর (৪২), পিতা ওবায়েদ আলী, নাটোর, মুক্তিযোদ্ধা রুহিজ উদ্দিন (৬৫), কড়ডুলিয়া, পাবনা, বিপুল হোসেন (২৫), হরিরামপুর, রাজশাহী, আসাদ (২৬), রাজ নারায়নপুর, রাজশাহী এবং টুটুল (২০) রাজশাহী।
উদ্ধারকারি জাহাজ ‘রুস্তম’ ডুবে যাওয়া লঞ্চটি ওঠানোর চেষ্টা করছে। সংশ্লিষ্টদের ধারণা, লঞ্চের ভেতর অনেক মৃতদেহ আটকা পড়ে আছে।
বিআইডব্লিউটি’র কর্মকর্তারা জানান, স্রোতের তীব্রতার কারণে রুস্তমের উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। অন্তত দুবার এর শিকল ছিঁড়ে যায়।
শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী শুক্রবার উদ্ধার অভিযান পরিদর্শন করেন।
এদিকে ধীরগতিতে উদ্ধারকাজ চলায় যমুনাপাড়ে স্বজনের লাশের জন্য অপেক্ষমান শত শত মানুষ এখন ক্ষুব্ধ।
রাজশাহীর খানপুরের দরিদ্র কৃষক শাহাবুদ্দিন (৫০)। শাহবুদ্দিনের পরিবারের তিনজন পুরুষ নিখোঁজ হয়েছে ওই লঞ্চ দুর্ঘটনায়। তারা হচ্ছেন, মেয়ের জামাই জিল্লুর, ভাগ্নে কাল্লু ও শ্যালক রাজ্জাক। এই তিনজনের খোঁজ পাওয়ার জন্য শাহবুদ্দিন তিন দিন তিন রাত খেয়ে না খেয়ে পড়ে আছেন আরিচার পাড়ে।
বিডিনিউজকে তিনি জানান, অন্যের কৃষিজমিতে কামলা খাটতে রাজশাহী থেকে মানিকগঞ্জ আসতে গিয়ে ওই তিনজন লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন যে উদ্ধারকাজ চলছে, তা না চলার মতোই। চারদিনেও ডুবে যাওয়া লঞ্চই টেনে তোলা গেলো না, এ কেমন কথা!
তিনি আরো বলেন, উদ্ধারকারীরা না পারলে বলে দিক, আমরাই আমাদের মতো লাশ খুঁজে নেবো।
স্থানীয় জনসাধারণ ও পুলিশ জানায়, মঙ্গলবার ঝড়ে ডুবে যাওয়ার সময় পাবনার নটাখোলা থেকে আরিচাগামী এমভি রায়পুর নামে ওই লঞ্চটিতে ২০০ যাত্রী ছিলো। এর ধারণ ক্ষমতা ১২০।
ঘটনার পর থেকে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। মাত্র ২০/২৫ জন তীরে উঠতে পেরেছিল।
যমুনা নদীর তীরে নিখোঁজ যাত্রীদের শত শত আত্মীয়-স্বজন এখনও অপেক্ষা করছে।
১৫ মে পটুয়াখালিতে লঞ্চডুবির পর এটি নৌ দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটে।
এদিকে বৃহস্পতিবার রাতে ভোলায় একটি ট্রলারডুবিতে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে।
