২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি

বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে ভোলার বোরহানউদ্দিনের স্লুইজের খাল এলাকায় ডুবে যাওয়া ট্রলারটি শুক্রবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

স্থানীয়ভাবে জেলেরা ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে গেলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রবল স্রোতের কারণে ট্রলারটি কোথায় রয়েছে, সেই স্থান জেলেরা নির্ধারণ করতে পারছে না।

দূর্ঘটনা কবলিত ওই ট্রলার থেকে বেঁচে যাওয়া যাত্রীরা দুই মহিলা ও চার শিশুসহ অন্তত: ১০ জন যাত্রীর নিখোঁজ থাকার অভিযোগ করেছে। তাদের মতে, প্রবল স্রোতের কারণে নিখোঁজ যাত্রীরা ভেসে যেতে পারে।

প্রশাসন বলেছে, সেখানে কোন যাত্রীর লাশ নেই। সব যাত্রীই সাঁতরিয়ে তীরে উঠেছে।

তবে শুক্রবার ঘটনাস্থলে নিখোঁজ যাত্রীদের স্বজনদের ভীড় করতে দেখা যায়।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে বোরহানউদ্দিনের মির্জা কালু থেকে তজমুদ্দিনের চর জহিরুদ্দিন যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

যাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রলারটিতে পুরুষ যাত্রী ছাড়াও দুইজন মহিলা ও চারজন শিশুসহ প্রায় ৮০ মণ চাল, পাঁচ ড্রাম তেলসহ অন্যান্য সামগ্রী ছিল। তবে ঘটনার পর প্রায় সব পুরুষ যাত্রীই সাঁতরিয়ে তীরে উঠে যায়। যাত্রী লোকমান জানান, তার প্রায় ১০ জন সঙ্গীর কোন খোঁজ তিনি পাচ্ছেন না। তারা প্রবল স্রোতের কবলে পড়ে ভেসে যেতে পারে বলে তার আশংকা।

তবে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, সকল যাত্রীই সাঁতরিয়ে তীরে উঠে গেছে। এখন ট্রলারে কোন যাত্রীর লাশ থাকার সম্ভাবনা নেই।