বাংলাদেশ ত্যাগের হুমকি দিয়েছে ইউএনএইচসিআর
জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশ থেকে কাজ গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছে। কক্সবাজারের দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই অভিযোগে তারা বাংলাদেশ সরকারকে এই হুমকি দেয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এরই অংশ হিসেবে ইউএনএইচসিআর চলতি বছরে এখনও সরকারের সংশ্লিষ্ট দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে বার্ষিক চুক্তি স্বাক্ষর করেনি।
ইউএনএইচসিআর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও রোহিঙ্গা রিফিউজি কমিশন (আরআরসি) কর্মকর্তাদের আশংকা, সরকারের সঙ্গে ইউএনএইচসিআর’র মানবাধিকার ইস্যুতে মতদ্বৈততার অবসান না হলে কক্সবাজারের নোয়াপাড়া ও কুতুপালং এর দুটি আশ্রয় শিবির থেকে প্রায় ২০ হাজার রোহিঙ্গা শরণার্থীর মায়ানমারে প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়বে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের রোহিঙ্গা রিফিউজি সেল প্রধান শামীম আহমেদ বিডিনিউজকে বলেন, কোনো কোনো বিষয়ে ইউএনএইচসিআর’র সঙ্গে আমাদের এখনও মতদ্বৈততা রয়েছে। এ নিয়ে এরই মধ্যে তাদের সঙ্গে আমাদের একাধিক বৈঠক হয়েছে।
তিনি স্বীকার করেন, ইউএনএইচসিআর’র সঙ্গে এ বছর এখনো বার্ষিক কর্মচুক্তি স্বাক্ষরিত হয়নি।
তিনি বলেন, ওই চুক্তি স্বাক্ষর করার জন্য একটি প্রস্তাবনা গত সপ্তাহে ইউএনএইচসিআর’র কাছে পাঠানো হয়েছে। তারা সেটি অনুমোদন করলে আরও কিছু আনুষঙ্গিক সরকারি অনুমোদনের প্রয়োজন পড়বে।
রোহিঙ্গা রিফিউজি সেল প্রধান আশাবাদ প্রকাশ করে বলেন, শিগগিরই দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে ইউএনএইচসিআর আবার শরণার্থী প্রত্যাবাসনে কাজ শুরু করেবে।
ইউএনএইচসিআর’র বাংলাদেশের উপ প্রতিনিধি মুলোসিও মামো বিডিনিউজকে বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানবাধিকার পরিস্থিতি এখন খুবই নাজুক। সেখানে শরণার্থীদের চলাফেরার স্বাধিনতা তো নেইই, বরং তাদের সেখানে এক রকম জিম্মি জীবন কাটাতে হচ্ছে।
তিনি বলেন, আমরা এ সব বিষয়ে একাধিকবার বাংলাদেশ সরকারকে অবহিত করেছি। আশা করছি, সরকার এ সব বিষয়ে মনযোগী হবে।
