’নতুন বেতন কাঠামোতে শিক্ষকদের প্রতি বৈষম্য করা হয়েছে’
দেশের শিক্ষাক্ষেত্রে অমানবিক ও বৈষম্যমূলক পরিস্থিতি বিরাজ করছে। নতুন বেতন কাঠামোতেও শিক্ষকদের প্রতি ব্যাপক বৈষম্য করা হয়েছে, শিক্ষকদের বেতন চতুর্থ শ্রেনীর কর্মচারীদের বেতনের চেয়েও কম।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট আয়েজিত শিক্ষক-কর্মচারী নির্যাতন ও শিক্ষাক্ষেত্রে বৈষম্যে বিষয়ক এক চিত্র ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফীন সিদ্দিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, ড. আব্দুর রাজ্জাক, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
আরেফীন সিদ্দিক বলেন, এই সরকার আসার পর ঢাকার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কর্মচ্যুত করা হয়েছে শুধু সত্য কথা বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য।
তিনি বলেন, জোট সরকার শিক্ষকদের দাবি-দাওয়া তো মানেইনি বরং তাদের ওপর নির্যাতন চালিয়েছে। পরিণতিতে শিক্ষক সমাজ এবং জাতি হারিয়েছে অধ্যাপক হুমায়ুন আজাদসহ অনেক শিক্ষককে।
প্রদর্শনীতে বিগত ১২ বছরে শিক্ষক-কর্মচারীদের ওপর নির্যাতনের বিভিন্ন চিত্রসহ তাদের আন্দোলন-সংগ্রামের ছবিও দেখানো হয়।
