তিন বছর পর নতুন গাড়ি পেলেন ২০ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
দীর্ঘ তিন বছর পর বিরোধী দলের উপনেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবসহ ২০ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নতুন গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও সচিব মর্যাদার ২৬ জন কর্মকর্তা নতুন গাড়ি পেয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রভাবশালী সরবরাহকারিদের উদাসীনতার কারণে গাড়ি কেনা বিলম্বিত হয় বলে জানা গেছে। অবশেষে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে তারা নতুন গাড়ি পেলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সম পদমর্যাদার ব্যক্তিবর্গ ও সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ে কর্মকর্তাদের ব্যবহারের জন্য গাড়ি সংকট দেখা দেয়। পরিবহন পুলে নতুন গাড়ি না থাকায় তাদের দশ বছরের পুরনো ২৩৭টি গাড়ী বরাদ্দ দেওয়া হয়।
সুত্র জানায়, বরাদ্দ দেওয়া ওই ২৩৭টি গাড়ি মেরামতে যে পরিমান অর্থ ব্যয় হয়েছে, তাতে অনেকগুলো নতুন গাড়ি কেনা যেত।
এখনও মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপসহ সম পদমর্যাদার ১৬ ব্যক্তি ও শতাধিক কর্মকর্তা পুরনো গাড়ি ব্যবহার করছেন। তাদের ব্যবহৃত গাড়ির অধিকাংশই ২০ বছরের পুরনো।
সরকারি হিসেব অনুযায়ী আট বছরের বেশি পুরনো গাড়ি ব্যবহারের অনুপযোগী।
সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা যায়, পরিবহন পুলে যন্ত্রপাতি সরবরাহকারি প্রভাশালী কয়েক ব্যক্তি ও দুর্নীতিবাজ কয়েকজন কর্মকর্তার কারণে অত্যন্ত ধীরগতিতে গাড়ি কেনা হয়।
গত অর্থ বছর মেয়াদ উত্তীর্ণ গাড়ির পরিবর্তে নতুন গাড়ি ক্রয় করার জন্য সংস্থাপন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়।
