২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ উন্নয়নে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও ভিয়েতনাম বুধবার দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষায় একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি) নিউজের খবরে বলা হয়েছে, ভিয়েতনাম সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সে দেশের প্রধানমন্ত্রী ফ্যান ভ্যান কাইয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয়।

কাই এ সময় আশিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগদান এবং স্থায়ী ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের প্রচেষ্টায় ভিয়েতনামের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

এর আগে খালেদা জিয়া ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডিউক লুং-এর সাথে সাক্ষাত করেন।

দুই নেতার মধ্যে বৈঠকে গত বছর লুংয়ের বাংলাদেশ সফরের সময় দুপক্ষের মধ্যে গৃহিত চুক্তি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করা হয়।

এ সময় ভিয়েতনামি নেতা কাই বাংলাদেশে পল্লী অঞ্চলে কৃষি উন্নয়ন, দারিদ্র বিমোচন ও উচ্চ ফলনশীল ধান উৎপাদনে তার দেশের সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দেন।

ফ্যান ভ্যান কাই এ সময় সফররত বাংলাদেশী প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করেন।

এর আগে সকালে ভিয়েতনামি প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হ্যানয়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসে উষ্ণ অভ্যর্থনা জানান।

দুই প্রধানমন্ত্রীর উভয় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বহুমুখি বিষয়ে সম্পর্ক জোরদার করার ব্যাপারেও আলোচনা করেন।

এ সময় বাংলাদেশী প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বিষয়ে সম্পর্ক জোরদার করার নিশ্চয়তা দেন। তিনি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন।