সদস্যপদ বাতিল এসসিবিএ’র গঠনতন্ত্রের পরিপন্থি: আইন মন্ত্রী
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি থেকে তাদের সদস্য পদ বাতিলের ঘোষণাকে অবৈধ ও সমিতির গঠনতন্ত্রের পরিপন্থি বলে উল্লেখ করেছেন।
এদিকে সুপ্রিম কোট আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবে আলম বলেছেন সমিতির সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এর গঠনতন্ত্র অনুসারে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে।
মওদুদ আহমদ বুধবার আইন মন্ত্রণালয়ে তার আফিস কক্ষে সমিতি থেকে তার সদস্য পদ বাতিল করায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক কিছু আইনজীবীর চাপের মুখে তার সদস্য পদ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তা সমিতির গঠনতন্ত্রের পরিপন্থি।
তিনি তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন, সংসদে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কালে সত্য ও সঠিক কথা বলেছি বলে তাদের আতে ঘা লেগেছে। তাদের এ ধরনের প্রতিক্রিয়া অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও একদলীয় মন-মানসিকতার পরিচয় বহন করে।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে বলেন, স্পিকার ও আইনমন্ত্রীর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কারো একার নয়।
সমিতির সাধারণ সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিডিনিউজকে বলেন, অসাংবিধানিক ভাবে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পিকার আশা প্রকাশ করেন যে সমিতিতে অন্য কোনো নতুন প্যানেল আসলে সংবিধান পরিপন্থি সিদ্ধান্ত এমনিতেই তারা বাতিল করে দিবে। এখন এনিয়ে তিনি তেমন কিছু ভাছেন না।
ব্যারিস্টার মওদুদ আইনজীবী সমিতির নেতাদের উদ্দেশ্য করে বলেন, এই আইনজীবীরাই বাকস্বাধীনতার কথা বলেন অথচ ভিন্ন মত বা সমালোচনা সহ্য করতে পারে না। তারা একটি রাজনৈতিক দলের আইনজীবী এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্যে যদি সংসদে কিছু বলে থাকে তা হলে ওই সদস্যের বিরুদ্ধে সুপ্রিমকোর্ট ও কোনো কিছু করার এখতিয়ার রাখেনা। এধরনের কার্যক্রম পরিহার করে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষা করার জন্য সকল আইনজীবীর প্রতি আহবান জানান।
তিনি জানান, মন্ত্রী হিসেবে যোগদান করার পর সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সদস্য পদ বাতিল হয়ে যায়, কেবল সহযোগী সদস্য থাকা যায় ভোট দেয়া যায় না।
তিনি আরও বলেন, এর আগেও একবার তার সদস্য পদ বাতিল করা হয়েছিল এব্যপারে হাইকোর্টে রীট করা হলে কোর্ট সদস্য পদ বাতিলের বিষয় অবৈধ্য ঘোষণা করেছিল।
মন্ত্রী আরও বলেন, জরুরি সভায় এ ধরণের সিদ্ধান্ত নেওয়া যায় না, এধরনের দৃষ্টান্ত কোনো গণতান্ত্রিক দেশে আছে কিনা তার জানা নেই।
