২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচায় ২শ’ যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, শিশুর লাশ উদ্ধার

আরিচা ঘাটের কাছে যমুনা নদীতে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় কালবৈশাখীর কবলে পড়ে দুশ’ যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবি হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 11:35 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ডুবে যাওয়া লঞ্চের নাম এমভি রায়পুর। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চের যাত্রী রাসেল নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে পাবনা জেলার সুজা নগরের আব্দুর রাজ্জাকের ছেলে।

দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীতে লঞ্চ দুর্ঘটনার মাত্র তিন দিন পরই আবারও একই রকম ঘটনা ঘটল।

লঞ্চ ডুবির খবর শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লঞ্চটি পানির গভীরে তলিয়ে গেছে।

স্থানীয় লোকজন এবং পুলিশ বলছে, বিকেলে নটাখোলা থেকে আরিচার উদ্দেশে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চটি কেডিসি পয়েন্টে আসলে ঝড়ের কবলে পড়ে।

রাত ১০ টা পর্যন্ত লঞ্চটির কোনও সন্ধান করা যায়নি। লঞ্চটি ৩০/৪০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। পরবর্তীতে উদ্ধারকারীরা লঞ্চটির একটি অংশের সন্ধান পেয়েছে।

৩০/৩৫ জন যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। অনেকেই লঞ্চ থেকে বের হতে পারেননি।

স্থানীয়রা বাকি যাত্রীদের মৃত্যুর আশঙ্কা করছেন।

মানিক গঞ্জের পুলিশ সুপার টেলিফোনে বিডিনিউজকে বলেন, লঞ্চটির সন্ধান করতে স্পীডবোর্টসহ একটি পুলিশ দল পাঠানো হয়েছে। আরিচা ঘাট থেকে আড়াইশ থেকে তিনশ’ গজের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

সরকারি কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছালেও খারাপ আবহাওয়া ও প্রয়োজনীয় সরজ্ঞামের অভাবের কারণে বুধবারের আগে উদ্ধার কাজ করতে পারছেন না।

বিআইডব্লিউটিএ’র একটি ছোট লঞ্চ উদ্ধার অভিযান শুরু করেছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, ডুবে যাওয়া রায়পুর লঞ্চটিকে উদ্ধারের জন্যে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তমকে আরিচা পাঠানো হবে। এমভি রুস্তম আরিচা পৌঁছাতে বুধবার বিকেল লেগে যাবে।

সড়ক পথে আরিচার উদ্দেশে দু’জন ডুবুরী পাঠানো হয়েছে।

এর আগে পটুয়াখালী জেলার বুড়া গৌরাঙ্গ নদীতে রোববার শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবি হয়। উদ্ধারকারীরা সেখান থেকে ৬০টি লাশ উদ্ধার করে।