ঝড়ো আবহাওয়ার কারণে বিমান ও লঞ্চ চলাচল বিঘ্নিত, হাজারো মানুষের দুর্ভোগ
ঝড়ো আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে চলাচলকারী শত শত লঞ্চ ও স্টীমার ঝড়বৃষ্টির কবলে পড়ে অন্তত: চার ঘন্টার জন্য বিলম্বিত হয়।
এসব কারণে আকাশ ও নৌ পথের হাজার হাজার যাত্রীকে পোহাতে হয় চরম দুর্ভোগ।
বিমানবন্দর সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি আন্তর্জাতিক, দ’ুটি অভ্যন্তরীণ ও জিএমজি এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেশ কযেক ঘন্টার জন্য বিলম্বিত হয়।
বিমানের রাত ৮টার করাচিগামী ফ্লাইট, কলকাতা-ঢাকা রুটের রাত সাড়ে ৮টার ফ্লাইট, দোহা দুবাই রুটের সন্ধ্যা ৬ টার ফ্লাইট, চট্টগ্রাম আবুধাবী রুটের সন্ধ্যা ৬ টার ফ্লাইট, মালয়শিয়াগামী রাত সাড়ে ৮টার ফ্লাইট, চট্টগ্রামগামী বিকাল সোয়া ৫টার ফ্লাইট, সিলেটগামী বিকাল সোয়া ৪টার ফ্লাইট এবং জিএমজি’র বিকাল সাড়ে ৩ টার যশোরগামী ফ্লাইট-এই আটটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট তিন থেকে পাঁচ ঘন্টার জন্য বিলম্বিত হয়।
সদরঘাট টার্মিনাল সুত্র জানায়, বিকালে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আগেই সাইরেন বাজিযে টার্মিনালের লঞ্চ ও স্টিমারগুলোকে সতর্ক করা হয়। টার্মিনাল কর্তৃপক্ষ মাইকে নির্দেশ দেয়, লঞ্চ ও স্টীমারের সারেংরা যেনো নিজ নিজ নৌযানগুলোর ইঞ্জিন সচল রেখে এগুলো নিয়ন্ত্রণে রাখে। ঝড়ো বাতাসের ঝাপটায় এসব নৌযান যেনো একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা না ঘটায় সে জন্য নেওয়া হয় এই বিশেষ সতর্কাবস্থা।
সূত্র জানায়, প্রতিকুল আবহাওয়ার কারণে পটুয়াখালি, বরিশাল, ভোলা, চাঁদপুর, চরফ্যাশনসহ দক্ষিনাঞ্চলগামী শত শত লঞ্চ-স্টিমার বিকাল ও সন্ধায় নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
রাত ৮টার পর আবহাওয়া শান্ত থাকা সাপেক্ষ এসব নৌযানের যাত্রা করার করার কথা রযেছে বলে জানা গেছে।
