দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম, দুরাবস্থা
এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি এক হাজার তিনশ’টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত কারিগরি সরঞ্জাম না থাকায় প্রতিবছর ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সরকারি ৬২টি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে সরঞ্জামাদি থাকলেও শিক্ষকদের অবহেলার কারণে বিভিন্ন ট্রেডের ছাত্র-ছাত্রীরা তাদের মূল কারিগরি শিক্ষা পাচ্ছে না।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারের বিশেষ প্রকল্পভুক্ত বেসরকারি পর্যায়ে প্রায় আটশ’টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। প্রকল্পভুক্ত এসব সেন্টারের প্রতিটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার জন্য বিভিন্ন ট্রেড কোর্স রয়েছে।
জানা যায়, এসব প্রতিষ্ঠান বিভিন্ন কোর্সের কথা বলে সরকারি অর্থ নিয়েও সরঞ্জামাদির সংস্থান এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ না করে নামমাত্র শিক্ষার্থী ভর্তি দেখিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থ ও সুযোগ সুবিধা গ্রহণ করছে।
সূত্র জানায়, সারা বছর পড়াশোনা না হলেও এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতি বছরই পরীক্ষায় অংশ নিচ্ছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পভুক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড মনিটরিং করতে মাত্র চারজন পরিদর্শক রয়েছেন। এসব পরিদর্শকের যোগসাজশে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে শিক্ষার নামে ব্যবসা করে আসছে।
