রাজধানীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, ১ ডাকাত আহত ও গ্রেফতার
রাজধানীর হাতিরপুলে মঙ্গলবার ভোরে পুলিশ এবং ডাকাত দলের বন্দুকযুদ্ধে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ ডাকাতকে গ্রেফতার করেছে। ইতোপূর্বে তার দু‘জন সহযোগীকে পুলিশ বরিশাল থেকে গ্রেফতার করে।
সূত্র জানায়, আহত ডাকাতের নাম মো. শাহ আলম (২২)। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উত্তর কোরালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গ্রেফতারকৃত অপর দুই ডাকাতকে থানা হাজতে রাখা হয়েছে।
গ্রেফতারকৃত অপর দুই ডাকাতের এক জনের নাম হাসানুর রহমান (২০)। সে গোপালগঞ্জের পাইককান্দি গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে। অন্য জনের নাম মোহাম্মদ সিদ্দিক; সে বরিশালের আগৈলঝরা থানার তালতা গ্রামের আবু তাহেরের ছেলে।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, হাসানুর রহমান এবং মোহাম্মদ সিদ্দিককে সোমবার বরিশাল থেকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দীর ভিত্তিতে পুলিশ ডাকাতদের লুটকৃত মালামাল উদ্ধার এবং তাদের অন্য সহযোগীদের গ্রেফতার করতে মঙ্গলবার ভোরে হাতিরপুলের ‘জজ সাহেব গলিতে’ যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করে, তাদের লক্ষ্য ছিল তাদের সহযোগীদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। পুলিশও এসময় পাল্টা গুলি চালায়।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বহু গোলাগুলিসহ শাহ আলম ধরা পড়লে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
ধানমন্ডি থানা পুলিশ বিডিনিউজকে জানায়, ডাকাতদের গ্রেফতার করতে তাদের একটি দল রবিবার বরিশাল যায় এবং সোমবার গ্রেফতারকৃতদের ঢাকায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, ১৩ মে হাতিরপুলের একটি বাসা থেকে ডাকাতি হওয়া মালামাল জজ সাহেব গলি থেকে তারা উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতরা মিরপুর এবং কাফরুলের দুটি ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে পুলিশ জানায়।
