২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ও আদালতকে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনমন্ত্রীর আহ্বান

প্রধান বিচারপতি ও উচ্চ আদালতকে হুমকি দিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

জাতীয় সংসদে সোমবার কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে বিবৃতি দানকালে মন্ত্রী বলেন, সুপ্রীম কোর্টে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। যা অত্যন্ত দুঃখজনক। আদালত ও বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব।

বিবৃতিতে আইনমন্ত্রী আরও বলেন, যারা আদালতে এ ধরনের অবস্থার সৃষ্টি করছে তারা মুখে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও প্রকৃত পক্ষে এতে তারা বিশ্বাস করে না।

তিনি কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী আইনজীবীরা আদালতের ভাবমূর্তি বিনষ্ট করে তাদের লক্ষ্য অর্জন করতে চায়।

তিনি বলেন, কিছু লোক আদালতের ভেতরে থেকেও আদালত ও বিচার ব্যবস্থাকে হেয় করতে চায়। এ ব্যাপারে তিনি সুপ্রীম জুডশিয়াল কাউন্সিলের হস্তক্ষেপ কামনা করেন।

মন্ত্রী বলেন, সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল এ ব্যাপারে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংসদকে নতুন করে ভাবতে হবে।

তিনি প্রচলিত আদালত অবমানা আইন রহিত করে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, আদালত যেখানে নিজ থেকে অনেক ছোট খাট ব্যাপারে অবমাননার শাস্তি দিচ্ছে, সেক্ষেত্রে প্রধান বিচারপতি ও আদালতের বিরুদ্ধে হুমকিদাতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না।

তিনি বলেন, আদালতের ভাবমূর্তি, ইজ্জত, সম্মান রক্ষায় ব্যবস্থা নিতে নিজেদেরকে এগিয়ে আসা উচিত। তিনি আন্দোলনকারীদের এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানান।