ব্যাংক আলফালাহর প্রথম শাখা উদ্বোধন
বাংলাদেশে আবুধাবি গ্রুপের মালিকানাধীন ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যাংক আলফালাহ লি. এর প্রথম শাখা সোমবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে শামিল ব্যাংক অব বাহরাইন তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যাংক আলফালাহ তার সত্ত্ব গ্রহণ করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার জানা যায়, নতুন এই ব্যাংকে শামিল ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারিকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, শিগগিরই এর নতুন শাখা সমূহও উদ্বোধন করা হবে। ওইসব শাখায় নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আরও ২৫ জন গ্রাজুয়েটকে পাকিস্তানে প্রশিক্ষণের জন্যে পাঠানো হচ্ছে। রাজধানী ঢাকার রাজউক এ্যাভিনিউ-এ শামিল ব্যাংকের বর্তমান কার্যালয় থেকে ব্যাংক আলফালাহ তাদের কার্যক্রম শুরু করেছে।
ব্যাংক আলফালাহর সত্ত্বাধিকারী আবুধাবি গ্রুপ বাংলাদেশে টেলিযোগাযোগ, রিয়্যাল এস্টেট, ইনস্যুরেন্স ও পর্যটন খাতে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠিয়েছিল।
