২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলাচিপায় লঞ্চ ডুবি: নিখোঁজ ২২ জনের পরিচয় মিলেছে, ১৫ টি মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপার বুড়া গৌরাঙ্গ নদীতে রোববার সকালে লঞ্চডুবিতে নিখোঁজদের মধ্যে ২২ জনের পরিচয় পাওয়া গেছে। এখনও ওই দুর্ঘটনায় নিখোঁজের সংখ্যা অর্ধশতাধিক। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৫ টি লাশ উদ্ধার করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিআইডাব্লিউটিএ ও উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়, নিখোঁজ ২২ জন হচ্ছে, বদনাতলীর একই পরিবারের চারজন তাজেম (৭৫), জেসমিন (২৫), রূপা (৬), কল্পনা (৩), রনগোপালদী গ্রামের জিয়াদ (২), আতিক (৬), গোপালদীর পারভীন (১২), এয়াকুব (৭), চর লক্ষ্মীর লিজা (১০), সাথী (১০), ডালিয়া (৮), রাশিদা (২০), ছোট মিয়া গ্রামের আলীনুর (১৬), সেতারা (৩০), আকলিমা (১৮), মরিয়ম (১৭), দশমিনার হাসান (১৪), শাকিল (৫), কোহিনুর (১০), গলাচিপার কালিকাপুরের জাকির (২৫), তার মেয়ে নাজমা (৪), চরবিশ্বাসের শাকিল।

এ পর্যন্ত উদ্ধার করা ১৫ টি মৃতদেহের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। তবে স্থানীয়রা আশংকা করছেন, অনেক মৃতদেহ লঞ্চের ভেতরে আটকা পড়ে আছে অথবা ভেসে গেছে।

স্থানীয়দের মতে, যেখানে লঞ্চটি ডুবে গেছে তার গভীরতা প্রায় ৫০ ফুট।

নিখোঁজ যাত্রীদের আত্মীয় স্বজনরা এখনও নদীর তীরে ভিড় করছেন। তাদের আহাজারিতে সেখানে অবতারণা হয়েছে এক হৃদয় বিদারক দৃশ্যের।

অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব পটুয়াখালী ১৫০ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ভোর ৫ টায় চরমনতাজ এর উদ্দেশে ছেড়ে যায়। পথে চরকাজলা থেকে তিন কিলোমিটার দূরে সকাল ১১ টার দিকে লঞ্চটি ডুবে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। তাদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, আসমা (২), দিলারা (৩০), হাবিব (৩), জয়ফুল (৫০), আলতাফ (৩০), জিহাদ (১), তামান্না ( ৬), যুথী (৭), জাহানুর বেগম (৫০), জহুরা বেগম (৫০), রুনু (৩৫) এবং তার দুই সন্তান।