গলাচিপায় লঞ্চ ডুবি: ১৫ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অর্ধ শতাধিক
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতে রোববার সকালে লঞ্চডুবিতে নারী, শিশুসহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধ শতাধিক যাত্রী।
অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব পটুয়াখালী ১৫০ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ভোর ৫ টায় চরমনতাজ এর উদ্দেশে ছেড়ে যায়। পথে চরকাজলা থেকে তিন কিলোমিটার দূরে সকাল ১১ টার দিকে লঞ্চটি ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। তাদের মধ্যে এগার জনের পরিচয় পাওয়া গেছে: আসমা (২), দিলারা (৩০), হাবিব (৩), জয়ফুল (৫০), আলতাফ (৩০), জিহাদ (১), তামান্না ( ৬), যুথী (৭), জাহানুর বেগম (৫০), জহুরা বেগম (৫০), রুনু (৩৫) এবং তার দুই সন্তান।
এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। তবে স্থানীয়রা আশংকা করছেন, অনেক মৃতদেহ লঞ্চের ভেতরে আটকা পড়ে আছে অথবা ভেসে গেছে।
স্থানীয়দের মতে যে স্থানে লঞ্চটি ডুবে গেছে তার গভীরতা প্রায় ৫০ ফুট।
নিখোঁজ যাত্রীদের আত্মীয়-স্বজনরা নদীর তীরে ভিড় করেছে। তাদের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে উঠেছে।
বিকেল সাড়ে তিনটায় উদ্ধারকারী জাহাজ হামজা বরিশাল থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে বিডিনিউজ বরিশাল সংবাদদাতা জানান।
কনজারভেন্সি অ্যান্ড পাইলটের উপ পরিচালক জানান, হামজা সোমবার ঘটনাস্থলে পৌঁছাবে।
