২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়ন অধিদপ্তরের এক কর্মকর্তার নারী কেলেঙ্কারী: প্রতিবাদ করায় সন্ত্রাসীরা কুপিয়েছে এক যুবককে

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ আব্দুর রশীদ লিটনের নারী কেলেঙ্কারির প্রতিবাদ করায় তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা সোহেল নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 09:09 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

গুরুতর আহত সোহেলকে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

জানা গেছে, সম্প্রতি সহকারী পরিচালক লিটন সুন্দরী এক যুবতীকে নিয়ে তার অফিস কক্ষে রাত্রি যাপন করেন। আহত সোহেলসহ এলাকার অনেকেই এর প্রতিবাদ করেন। ঘটনাটি পত্রপত্রিকায় প্রকাশ হলে কয়েক দফায় বিভাগীয় তদন্ত হয়। এরপর থেকেই সন্ত্রাসীরা সোহেলকে হুমকি দিতে শুরু করে।

এলাকাবাসী জানায়, রোববার দুপুরে সোহেল শহরের মাধার মোড় এলাকায় তার বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী লিপন ও জাভেদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে মারাত্বকভাবে আহত করে, লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে একটি জিডি এন্ট্রি করা হয়েছে বলে সদর থানার ওসি সাংবাদিকদের জানান।