‘সন্ত্রাসীর হাঁটু ভেঙ্গে দেয়ার চেয়ে ক্রসফায়ারই উত্তম’
সন্ত্রাস দমনের ক্ষেত্রে সন্ত্রাসীর হাঁটু ভেঙে দেয়ার চেয়ে ক্রসফায়ারই উত্তম। আমরা বাংলা ভাইকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এজন্য যত টাকা লাগে খরচ করা হবে। সেই সঙ্গে রাজশাহীতে মাদক ব্যবসাও একদম বন্ধ করে দেবো। শনিবার রাজশাহীর র্যাব সদরদপ্তরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে র্যাব রাজশাহীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল হাসীনুর রহমান একথা বলেন।
তিনি বলেন, সমাজে সন্ত্রাস যে পর্যায়ে ঠেকেছে তাতে ক্রসফায়ার করা ছাড়া কোন উপায় নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আল্লাহ এবং বাবা-মা’র কসম খেয়ে বলছি বাংলা ভাইকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে র্যাব। আমাদের বাজেটের অর্ধেক অর্থ ব্যয় করে হলেও বাংলা ভাইকে ধরার নির্দেশ রয়েছে।’
র্যাব কর্মকর্তা হাসীন কিভাবে ক্রসসফায়ার করা হচ্ছে সে সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের আইনে হত্যার নির্দেশ নেই। তবে অপরাধীদেরকে দমনের ক্ষেত্রে গল্পটা আমরা অন্যরকমভাবে বলবো এবং তাতেই কাজ হয়ে যাবে।
তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেন, ‘এ পর্যন্ত কি ক্রসফায়ার এ কোন ভালো মানুষ মারা গেছে? আমরা দেশের জন্য পবিত্র কাজই করছি।’
মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী বিভাগে র্যাবের সাফল্যের ফিরিস্তি তুলে ধরা হয়, যাতে ৮১ টি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২৮৮ জন অপরাধীকে গ্রেফতার, ৭০ টি আগ্নেয়াস্ত্র, ১৪ হাজার ৭৭০ বোতল ফেনসিডিল, ৪ কেজি ২০০ গ্রাম হেরোইন, ১৯ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ নানান মাদকদ্রব্য উদ্ধারের কথা উল্লেখ থাকলেও ‘ক্রসফায়ার’ কিংবা ‘এনকাউন্টার’ এ কতজন নিহত হয়েছে তার উল্লেখ নেই। এক প্রশ্নের জবাবে বল্ াহয়, ‘ক্রসফায়ার’এ রাজশাহী অঞ্চলে এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। সাফল্যের তালিকার ৭৭ ও ৭৮ নম্বরে মাওসেতুঙয়ের দু’টি বই উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। মাওসেতুঙয়ের বই পড়া নিষিদ্ধ কি না, এমন প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, ভুল করে তালিকায় সেটি সংযোজন করা হয়েছে।
কর্ণেল হাসীন মতবিনিময়কালে বলেন, কর্মজীবনের বড় সময় কাটিয়েছি হিলট্রাক্টস-এ। সেখানে বিপ্লবীদের দমনের যে অভিজ্ঞতা হয়েছে তা রাজশাহীতে কাজে লাগাবো। এজন্য তিনি সাংবাদিকদের কাছে রাজশাহীর কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবীদের এবং মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য প্রদানের আহবান জানান।
তবে তিনি বাংলা ভাই কিংবা বিভিন্ন ধরণের জঙ্গি সন্ত্রাসীদের বিষয়ে মুখ খোলেন্িন।
সভায় তিনি র্যাব রাজশাহী সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের আবাসিক সংকটসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবের কথাও তুলে ধরেন। তিনি সন্ত্রাস দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সূত্র জানায়, এসময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মেজর সালাহউদ্দিন, কোম্পানি কমান্ডার জহীর, র্যাব কর্মকর্তা আমিন, শাহরিয়ার, আলিফ এবং সাংবাদিকদের মধ্যে দৈনিক বার্তা সম্পাদক এস.এম.এ. কাদের, দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী, দৈনিক নতুন প্রভাত সম্পাদক সরদার আবদুর রহমান, ‘সংবাদ’ এর জাহাঙ্গীর আলম আকাশ, দৈনিক জনকন্ঠের আনিসুজ্জামান, বিডিনিউজ’র মেহেবুব আলম বর্ণ, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাতাব চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
