নগরীতে বোমা হামলায় ২ যুবক আহত
নগরীর কলাবাগানে শনিবার রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমায় দুই যুবক আহত হয়েছে।
আহতদের মধ্যে একজন কাজী মোস্তফা ইকবাল ওরফে গুড্ডু। সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার মঞ্জিলা ফারুকীর ছেলে। আহত অন্যজন হলো শাহরিয়ার আমিন ওরফে শ্যামা। সে গুড্ডুর বন্ধু। তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ২৬/১ বশিরউদ্দিন রোডের একটি নির্মানাধীন ভবনের নিচতলায় আড্ডা দেয়ার সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-নর্থ) মাজহারুল ইসলাম বিডিনিউজকে জানান, আহতরা সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে আশিক আব্দুল্লাহর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল।
তিনি আরও বলেন, আশিক আব্দুল্লাহ ওই স্থান ত্যাগ করার পরপরই তাদের ওপর হামলা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, তারা মাত্রই ঘটনাটি শুনেছেন।
