কেনিয়ায় ৬৯ বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার
কেনিয়া পুলিশ বন্দর নগরী মোম্বাসা থেকে ৬৯ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে।
কেনিয়ার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, আমরা নিশ্চিত হয়েছি, গ্রেপ্তারকৃতদের সবাই বাংলাদেশের নাগরিক, কেউই পাকিস্তানি নয়।
শুক্রবার রাতে পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃত বাংলাদেশী নাগরিকদের মোম্বাসার দুটি বিলাসবহুল আবাসিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাড়ি দুটিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কঠোর প্রহরা ছিল।
বিভিন্ন আর্ন্তজাতিক বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা মানি লন্ডারিং, মাদক পাচার এবং অবৈধভাবে কেনিয়ায় অবস্থানের সাথে জড়িত থাকতে পারে বলে স্থানীয় ডেপুটি পুলিশ প্রধান মিজিউই সন্দেহ করছেন।
ওই দুটি বাড়ির কেনীয় কেয়ারটেকার আলি মাসুদিকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
মাসুদি পুলিশকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশীরা দুটি নৌযানের ক্রু। নৌযান দুটি ২৫মে মোম্বাসা বন্দরে নোঙ্গর করবে এবং সেখান থেকে ২৭মে ক্রুদের নিয়ে রওনা হবে।
এদিকে বাংলাদেশ সরকার মনে করছে, গ্রেপ্তারকৃতরা মানব পাচারের শিকার। পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, নাইরোবিতে বাংলাদেশ মিশনকে ঘটনাটি সম্পর্কে রিপোর্ট দিতে বলা হয়েছে। তিনি এর সাথে অসাধু আদম ব্যবসায়ীদের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছেন।
তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। আর প্রতারিত হচ্ছে নিরীহ মানুষ। আমরা অবৈধ ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
কেনিয়ার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগেরই পাসপোর্ট অবৈধ। তাদের কারও কারও পাসপোর্টে ইথিওপিয়ান ইমিগ্রেশনের সিল রয়েছে। তারপরও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা তাদের পাসপোর্ট আবার পরীক্ষা করে দেখবেন।
গ্রেপ্তারকৃতরা ইংরেজি না জানায় তাদের কাছ থেকে বেশি তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তাদের দোভাষীর সহযোগিতা প্রয়োজন।
