চট্টগ্রাম শহরে ওয়াসার পানিতে দু’সপ্তাহ ধরে নোংরা ও দুর্গন্ধ
দু’সপ্তাহ ধরে চট্টগ্রাম শহরের কয়েকটি এলাকায় নোংরা ও দুর্ঘন্ধযুক্ত পানি আসলেও এখন পর্যন্ত তার কোনও সুরাহা করতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। ফলে প্রচণ্ড গরম ও তীব্র পানি সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তীব্র পানি সংকটের পাশাপাশি গত দু’সপ্তাহ ধরে নগরীর আলকরণ, নন্দকানন, এনায়েত বাজার, ফিরিঙ্গিবাজার ও মোমিন রোডের বিশাল এলাকাজুড়ে ওয়াসা সরবরাহকৃত পানিতে প্রচুর ময়লা ও প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যাচ্ছে।
পানির রং কোথাও কুচকুচে কালো আবার কোথাও ও লাল রংয়ের বলে এলাকাবাসীরা জানায়।
এই পানি ব্যবহারের ফলে পেটের পিড়া, চর্মরোগসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গরমের তীব্রতার কারণে এ সময় প্রয়োজনের অতিরিক্ত পানির চাহিদা থাকলেও স্বাভাবিক চাহিদাই মেটাতে পারছে না চট্টগ্রাম ওয়াসা।
নন্দকাননের বৌদ্ধমন্দির রোডের বাসিন্দা গৃহিনী অনিতা বড়ুয়া ক্ষোভের সঙ্গে বিডিনিউজকে জানান, একদিকে গরমের তীব্রতা, অন্যদিকে পানির সমস্যা। সব মিলিয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনের চেয়ে রাতে সরবরাহ করা পানিতে দুর্গন্ধ বেশি থাকে বলে তিনি উল্লেখ করেন।
এলাকাবাসী জানান, গত শনিবার ওয়াসা কর্তৃপক্ষকে এই অসুবিধার কথা জানানো হলেও আজ পর্যন্ত তারা কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
এ ব্যাপারে ওয়াসার তত্ত্ববধায়ক প্রকৌশলী আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোনও অভিযোগ পাননি বলে বিডিনিউজকে জানান। তবে গ্রাহকরা রিজার্ভ ট্যাংক পরিষ্কার না করার কারণেও অনেক সময় পানিতে ময়লা থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
