পুলিশ কনষ্টেবলের প্রেম-প্রতারণা, প্রেমিকা কারাগারে
প্রেমিক পুলিশ কনষ্টেবল সাইফুল ইসলামের প্রেমে প্রতারিত হয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভাগ পশ্চিম পাড়া গ্রামের বদিউর রহমান শিকদারের কন্যা মোছাঃ লুৎফুন্নাহার জবা (১৮) জামালপুর কারাগারে নিরাপত্তা হেফাজতে আটক রয়েছে। ১৩ মে তাকে আটক করা হয়।
লুৎফুন্নাহার জবা বিডিনিউজকে জানায়, ফকিরহাট থানার আওতায় ডহর মৌভাগ পুলিশ ফাঁড়ির কনষ্টেবল (আমর্ড) সাইফুল ইসলাম তাকে বিয়ের কথা বলে সাত মাস যাবৎ প্রেম করে আসছিল। ওই কনষ্টেবল একবার তাকে খুলনায় বেড়াতেও নিয়ে গিয়েছিল।
উক্ত পুলিশ কনস্টেবলের বাড়ী চট্টগ্রাম, তবে চট্টগ্রামের ঠিক কোথায় তার বাড়ি, জবা তা নিশ্চিত করে বলতে পারেনি। ১১ মে সাইফুল ছুটি নিয়ে চট্টগ্রামে তাদের বাড়ী যাওয়ার সময় জবাকেও সঙ্গে নিয়ে যায়। কিন্তু চট্টগ্রামের কোনও এক স্থানে গিয়ে মামুন নামের আরেক প্রতারক যুবকের সঙ্গে জবার পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে সাইফুল তার খালার বাড়ী জামালপুরের নারিকেলী গ্রামে যাওয়ার কথা বলে জবাকে মামুনের কাছে রেখে কেটে পড়ে।
এরপর মামুন জবাকে ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ১২ মে রাত সাড়ে ১১টায় জামালপুর ষ্টেশনে নিয়ে যায়। এরপর মামুন রিক্সা ডেকে আনার ছলে জবাকে জামালপুর শহরের রেল গেইট সংলগ্ন কমিউনিটি পুলিশ ও ট্রাফিক পুলিশ বক্সের সামনে রেখে কেটে পড়ে।
পুলিশ ১৩ মে জবাকে কোর্টের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে এবং বাগেরহাটে জবার পরিবারের কাছে এ মর্মে একটি বেতার বার্তা পাঠিয়েছে।
