তেঁতুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
জেলার তেঁতুলিয়ার উপজেলার দেবনগর ইউপির হরবিবি গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ শনিবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করে।
নিহত গৃহবধূ সালেহা খাতুন (৫০) তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউপির হরবিবি গ্রামের মো. সুলতানের স্ত্রী। পুলিশ তার দুই ছেলে ছাত্তার ও মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামী ও পরিবারের লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।
নিহতের স্বামী সুলতান জানান, প্রতিবেশী ছালাম, আ. কাদের, জলিল ও রাজ্জাকের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তিনি তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
