শ্রম আইন চূড়ান্তকরণে শ্রমিক সংগঠনগুলোর দেওয়া প্রস্তাব বিশেষভাবে বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, শ্রমিকদের সমস্যার বাস্তবসম্মত সমাধানের জন্য শ্রমিক নেতৃবৃন্দের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে বিদ্যমান ২৭টি শ্রম আইন চূড়ান্তকরণে শ্রমিক সংগঠনগুলোর দেওয়া প্রস্তাব বিশেষভাবে বিবেচনা করা হবে।
নগরীর ওসমানী মিলনায়তনে শনিবার মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষ আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাদের দুটি হাতকে দক্ষ কর্মীর সক্রিয় হাতে পরিণত করতে হবে। আর এর নিশ্চয়তা বিধানের জন্য আমাদের শিল্পায়ন প্রক্রিয়ায় শ্রমঘণ শিল্প স্থাপনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ব শিল্পের শ্রমিকদের শতকরা ১০ ভাগ হারে মহার্ঘভাতা দেওয়া ছাড়াও সরকার ইতোমধ্যে জাতীয় মজুরী ও উৎপাদশীলতা কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিমালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন-২০০৫ জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে, যা ১মে থেকে কার্যকর হবে।
প্রধানমন্ত্রী শ্রমিকের মৌলিক অধিকার পূরণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আওতায় গঠিত তহবিলকে সমৃদ্ধ করার জন্য সামর্থবানদের প্রতি আহবান জানান।
বিদেশে নিয়োজিত বাংলাদেশী শ্রমিকরা তাদের পেশী নিংড়ানো শ্রমে অর্জিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য বেগম জিয়া তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন করেই শ্রমিকের অধিকার নিশ্চিত করা যায় না। আইন বাস্তবায়নে গড়িমসির কারণে শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়সে জন্যে পরিদর্শন ব্যবস্থা যোরদার করতে হবে।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য ও সঠিক মজুরি সময়মতো পরিশোধের জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি। তাদের কাজের উপযুক্ত, সম্মানজনক নিরাপদ পরিবেশও নিশ্চিত করতে হবে। যে সুবিধাগুলো তিন-চার দশক আগেও আমাদের দেশেই শ্রমিকদের জন্য ছিল, সেগুলো বহাল রাখতে না পারাটা খুবই লজ্জার বিষয়।
আলোচনা সভায় বেগম খালেদা জিয়া বলেন, শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এবং সুশৃঙ্খল ও কর্তব্যনিষ্ঠ করে তুলে তাদের উৎপাদন ও শ্রমশীলতা অনেকখানি বাড়ানো সম্ভব।
অলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম সচিব শফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এম আনিসুদ্দৌলা এবং আইএলও, ঢাকা কার্যালয়ের পরিচালক গোপাল ভট্টাচার্য্য।
