এইডস প্রতিরোধকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় রূপরেখা প্রণয়ন করছে জাতিসংঘ
জাতিসংঘের শ্রম ও স্বাস্থ্য বিষয়ক সংস্থা যথাক্রমে আইএলও এবং হু বিশ্বব্যাপী এইডস প্রতিরোধকর্মে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় রূপরেখা প্রণয়নের প্রস্তাব করেছে।
প্রস্তাবে বলা হয়েছে যে এই কর্মীরা শুধু মারাত্মক সংক্রমণ ঝুঁকির মধ্যেই কাজ করছে না, বরং তারা এইডস রোগীদের ব্যাপক মৃত্যুহারে তীব্র মানসিক চাপ ও অতিরিক্ত কাজের কারণে দৈহিক অসুবিধার মধ্যেও রয়েছে।
প্রস্তাবের সুপারিশসমূহ চূড়ান্ত করতে গত সপ্তাহে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্টের কারেকশনাল সার্ভিসেস এর জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা লেস্টার এন রাইট। তিনি এইডস প্রতিরোধ কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে প্রণীত খসড়াকে ‘অত্যন্ত চমৎকার’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা আশা করছি এই রূপরেখা এইডস প্রতিরোধ কর্মসূচির প্রতিবন্ধকতাসমূহ দূর করতে সক্ষম হবে। প্রতিবন্ধকতা বলতে তিনি কর্মসূচি বাস্তবায়ন এলাকার বিরুদ্ধ প্রতিবেশ, লিঙ্গ ও বর্ণগত বৈষম্য এবং নিরাপত্তাহীন পরিবেশে কাজ করার মতো কারনগুলোর প্রতি ইঙ্গিত করেন।
পরিকল্পনাটি অনুমোদনের জন্য আগামী জুনে আইএলও’র পরিচালনা পরিষদে উপস্থাপন করা হবে।
