স্থানীয় শিল্প রক্ষায় কার্যকর মেধাস্বত্ব অধিকার অত্যাবশ্যক: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের স্থানীয় শিল্প রক্ষা ও বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করতে কার্যকর মেধাস্বত্ব অধিকার প্রক্রিয়া অত্যাবশ্যক।
তিনি আরও বলেন, আমাদের স্থানীয় উদ্যোক্তাদের পণ্য যদি সঠিকভাবে রক্ষিত না হয় এবং নকল প্রতিরোধ করা না যায় তাহলে তারা নীতি বিচ্যুত হয়ে পড়বে এবং বিদেশি দাতারা অধিক পরিমানে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে।
মেধাস্বত্ত্ব অধিকার সম্পর্কিত ডব্লিও টিও চুক্তিকে সমর্থন জানাতে সরকার কপি রাইট আইন-২০০০, পেটেন্ট ও ডিজাইন এ্যাক্ট ১৯১১, ট্রেড মার্ক এ্্যাক্ট ১৯৪০ এবং অন্যান্য নীতিমালা প্রনয়ন করেছে।
বৃহস্পতিবার নগরীর বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটে আয়োজিত ‘বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ও তথ্য প্রযুক্তি খাত’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় সনদপত্র প্রদান অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেধাস্বত্ত্ব চুক্তি ও গণস্বাস্থ্য সম্পর্কিত দোহার ঘোষণা সম্পর্কে মন্ত্রী বলেন, এর কিছু ইতিবাচক দিক রয়েছে যার ফলে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো সুবিধা পাবে। বাংলাদেশ এই প্রস্তাবের সমর্থন করে।
মন্ত্রী অনুষ্ঠানে দুই দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী ২৬ জনকে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের সিইও অধ্যাপক শিশির কে দেব উপস্থিত ছিলেন।
