২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড আক্রান্তদের জন্য সমন্বিত ব্যবস্থা প্রয়োজন: এএসএফ

এসিড আক্রান্তদের জন্য সমন্বিত পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা দেশের কোনও হাসপাতালে না থাকায় তাদের চিকিৎসায় প্রচুর সময় ব্যয় হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফরিদুল হাসান এ তথ্য জানান। এসিড সারভাইভার্স ফাউণ্ডেশন (এএসএফ) এসিড সহিংসতা, প্রেক্ষাপট ২০০৪: অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ক এই সংবাদ সম্মেলন আয়োজন করে।

ডা. হাসান বলেন, সমন্বিত পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা করা হলে একই সাথে মুখ, চোখসহ সামগ্রিক চিকিৎসা করা সম্ভব হয়। ফলে এতে চোখের মতো  অন্য আক্রান্ত স্থানও দ্রুত সেরে ওঠে। শুধুমাত্র এসিড সারভাইভার্স ফাউন্ডেশনেই সমন্বিতভাবে চিকিৎসা করা যায় বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে এএসএফ এর নির্বাহী পরিচালক মনিরা রহমান এএসএফ’র প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৪ সাল পর্যন্ত এসিড আক্রান্তদের একটি পরিসংখ্যান প্রকাশ করেন।

তিনি জানান, ২০০৪-এ ৩২২ জন এবং ২০০৫ এর এ সময় পর্যন্ত ৪৯ জন এসিড আক্রমনের শিকার হয়েছে।

সম্মেলনে এসিড আক্রান্তদের মানসিক বিষয় নিয়ে কথা বলেন পিজি হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন কাওসার বিপ্লব। তিনি বলেন, মনোজগতে এমন একটি পর্যায় আছে যেখানে তারা এক বছরের মধ্যে ভালো না হলে আর কখনো ভালো হওয়ার সম্ভাবনা থাকেনা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড সার্জারি বিভাগের অধ্যাপক এজেএম সালেক বলেন, দেশে প্রতি বছর ১৪০ হাজার লোক বিভিন্ন ভাবে পোড়ার শিকার হচ্ছে। কিন্তু ৫০ শয্যাবিশিষ্ট ইউনিটে এত মানুষের সুচিকিৎসা সম্ভব না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. এসএইচ খন্দকার, এএসএফ’র প্রিভেনশন এডভাইজর বোর্ডের চেয়ারম্যান শওকত হোসেন খন্দকার প্রমুখ।

বক্তারা সামাজিক সচেতনতা ও দায়িত্ব বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ছ জন সফল সারভাইভারকে এএসএফ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এসিড সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরিতে এএসএফ সাংবাদিকদের পুরষ্কার প্রদান করার কথা ঘোষণা করে। তারা জানায়,  ২০০৪ ও ২০০৫ সালে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মাধ্যমে প্রকাশিত-প্রচারিত প্রতিবেদন, ফিচার ও আলোকচিত্রের জন্যে এ পুরস্কার দেওয়া হবে।