ঢাকা ও সিলেটে সামাদ আজাদের একাধিক জানাজা, দাফন বনানী কবরস্থানে
বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের দাফন বৃহস্পতিবার সম্পন্ন হবে। রাজধানী ও সিলেটে একাধিক নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ বনানীর কবরস্থানে দাফন করা হবে। বুধবার রাতে তার প্রথম নামাজে জানাজা কলাবাগান লেক সার্কাস মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে সামাদ আজাদের মরদেহ তাঁর কলাবাগানের বাসায় নিয়ে আসা হলে সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী ও শুভাকাক্সিক্ষগণ উপস্থিত হন। সেখানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মরহুমের পরিবারবর্গকে সান্তনা দেন।
অর্থমন্ত্রী সাইফুর রহমান সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সামাদ আজাদের মৃত্যুতে আমি মর্মাহত। মুক্তিযুদ্ধ ও দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ অবদান রয়েছে। তার মৃত্যুতে সৃষ্টি হয়েছে এক গভীর রাজনৈতিক শূণ্যতা।
এরআগে সামাদ আজাদের মৃত্যুর খবর পেয়ে বারডেম হাসপাতালে জাতীয় সংসদের স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উপস্থিত হন। সেখানে অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লাশ কলাবাগানের বাসভবরে রাখা হবে। সেখানে কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সামাদ আজাদের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য নিয়ে আসা হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেখানে উস্থিত থাকবেন। সকাল ১১টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা।
পরে তার মরদেহ হেলিকপ্টারে সিলেট নিয়ে যাওয়া হবে। বেলা সাড়ে ১২টায় আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে আরেকটি নামাজে জানাজা। মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হলে সেখানে আরেকটি ও পরে মরহুমের গ্রামের বাড়ি জগন্নাথপুরে অনুষ্ঠিত হবে অপর নামাজে জানাজা।
সেখান থেকে মরদেহ আবার হেলিকপ্টারে ঢাকা নিয়ে আসা হবে। মরহুম নেতাকে বাদ আছর বনানী কবরস্থানে দাফন করা হবে।
কলাবাগানের বাসভবনে রোববার সামাদ আজাদের কুলখানি অনুষ্ঠিত হবে।
এদিকে বুধবার রাত পৌনে আটটায় কলাবাগান লেক সার্কাস মসজিদ প্রাঙ্গনে মিরপুর সড়কে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ রাতে আইসিডিডিআরবি’র মরচুয়ারিতে রাখা হয়।
