২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিককালে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে পৌঁছার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়ী করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সংসদীয় কমিটির পর্যবেক্ষণ অনুসারে, দু’ দেশের সম্পর্কে অতীতে অনেকবারই সাময়িক তিক্ততার সৃষ্টি হলেও সার্বিকভাবে পতাকা বৈঠক ব্যর্থ হওয়ার মতো খারাপ অবস্থা কখনোই হয়নি। বুধবার এক ক্যামেরা বৈঠকে কমিটি এরূপ মন্তব্য করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনার কথা অপেক্ষমান সাংবাদিকদের কাছে অস্বীকার করলেও সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জিয়াউর রহমান খান ভারতরে সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান।

সূত্র জানায়, বর্তমান সংকটের জন্য ভারতকে দায়ী করে পররাষ্ট্র সচিবের দাখিলকৃত রিপোর্টটিকে কমিটি সদস্যরা অসম্পূর্ণ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখান করেন।

জানা গেছে, পররাষ্ট্র সচিব তাঁর রিপোর্টে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ‘ভারত সব সময়েই এক ধরণের মনস্তাত্বিক সংকটে ভোগে’ বলে উল্লেখ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কমিটি কূটনৈতিক তৎপরতা জোরদার এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেয় বলে জানা যায়।

বিএনপি দলীয় সদস্য জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান ও রেদওয়ান আহমেদ এবং আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম ও কাজী জাফরুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।