২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে নির্মাণাধীন ভবনের পাইলিং ধসে পড়ায় হুমকির মুখে ওভারব্রীজ

শ্যামলী ওভারব্রীজ লাগোয়া একটি নির্মাণাধীণ বহুতল শপিং কমপ্লেক্সের বেসমেন্ট পাইলিং মঙ্গলবারের বৃষ্টিতে আংশিক ধসে পড়ায় ওভারব্রীজটি হুমকির মুখে পড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ওভারব্রীজ এবং মীরপুর রোডের একটি লেন পথচারী ও যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদলের এক শীর্ষনেতা ও কেরানীগঞ্জের একজন বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান ওই ভবনের মালিক।

সরেজমিনকালে দেখা যায়, ওভারব্রীজের পূর্ব পাশে ‘শ্যামলী কমপ্লেক্স’ নামে নির্মাণাধীণ বহুতল ভবনের দক্ষিণ পাশের চারটি পাইলিং খুঁটি পুরোপুরি এবং অপর একটি আংশিক ধসে পড়েছে। এতে রাস্তার প্রায় বিশ ফুট জায়গার মাটিও সরে গেছে।

এলাকাবাসী ও ওই ভবনের নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। শ্রমিক মনির হোসেন জানান, বৃষ্টির সময় ওই জায়গার মাটি একটু একটু করে নীচের রড নেটিং-এর ওপর ধ্বসে পড়ছিলো। এ সময় আমরা রড নেটিং-এর ওপর শীট বিছিয়ে দিই, যাতে পতিত মাটি রড নেটিং-এর ভিতরে যেতে না পারে।

তিনি আরও বলেন, শীট বিছিয়ে আমরা সরে আসার একটু পরেই চারটি পাইলিং পিলার সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং আরও একটি খানিকটা হেলে পড়ে।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে বড় কোনো দুর্ঘটনার আশংকায় সিটি কর্পোরেশনের প্রকৌশলীর পরামর্শে পুলিশ ঘটনাস্থল সংলগ্ন ফুটপাথ ও ওভারব্রীজ দিয়ে লোকজন এবং প্রকল্প সংলগ্ন মীরপুর রোডের একটি লেনে যান চলাচল বন্ধ করে দেয়।

শ্যামলী ওভারব্রীজের পূর্ব পাশের সিঁড়ি থেকে পাইলিং ধসে পড়ার স্থানটি প্রায় পনের ফুট দূরে। এ ঘটনায় ওভার ব্রীজের পূর্ব প্রান্ত ঈষৎ দেবে গেছে বলে এলাকাবাসী দাবি করলেও এ বিষয়ে মন্তব্যের জন্য সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে যোগাযোগ করা যায়নি।

পাইলিং ধ্বসে পড়ার কারন হিসেবে শ্যামলী কমপ্লেক্সের প্রকল্প পরিচালক জয়নাল আবেদীন বাবুল বুধবার বিডিনিউজকে বলেন, মাটি ধ্বসে যাওয়ার কারন দক্ষিণ দিকের রাস্তার নিচের স্যুয়ারেজ লাইনের বীট বা সংযোগ পয়েন্ট। বৃষ্টির পানি কোনো না কোনো ভাবে ওখান থেকে লীক করে মাটির স্তরে ঢুকে পড়ায় মাটি ধসে যায় বলে তিনি দাবি করেন।

তবে তিনি পাইলিং-এর প্রস্তুতিজনিত ত্রুটির কারনে এমনটা ঘটার সম্ভাবনা নাকচ করে দেন।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এস আই শফিক অবশ্য ভবন কর্তৃপক্ষকে এর জন্যে দায়ী করেছেন। তিনি বিডিনিউজকে জানান, সিটি কর্পোরেশন এ বিষয়ে একটি জিডি করেছে।

তিনি বলেন, ওই জায়গা লাগোয়া রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ফলে সৃষ্ট কম্পনে আরও ব্যাপকভাবে মাটি ধসে পড়তে পারে। তাই মারাত্মক কোনো দুর্ঘটনা এড়ানোর জন্যই আমরা রাস্তা ও ওভারব্রীজ বন্ধ করে দিয়েছি।

সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে সতের তলা বাণিজ্যিক ভবনটি নির্মাণ করছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। জানা গেছে বিএনপি’র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি ও ৭০ নং ওয়ার্ড কমিশনার আহমদ হোসেন এই প্রতিষ্ঠানের একাংশের মালিক। কেরানীগঞ্জ থানার শুভাড্যা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি’র থানা কমিটির সদস্য নাজিমউদ্দিন অপর অংশীদার।