২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ও নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ করেছেন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একক ব্যক্তির প্রার্থিতার পরিবর্তে দলভিত্তিক প্রার্থিতার সুপারিশসহ নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

রাজধানীর একটি হোটেলে বুধবার তিনি তার প্রস্তাবনার ওপর আলোকপাত করে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে সংসদে রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিত্ব হওয়া উচিৎ বলে মত প্রকাশ করেন।

এরশাদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে হতে হবে সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন কমিশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ক্ষমতা এবং নির্বাচনকালীন কিছু নির্বাহী ক্ষমতাও থাকবে।

এরশাদ বলেন, জাতীয় পার্টির এই প্রস্তাব সম্বলিত বুকলেট বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

এরশাদের প্রস্তাবনা অনুযায়ী সংসদীয় সরকার ব্যবস্থায় যেহেতু দেশ শাসন করে সংখ্যাগরিষ্ঠ দল, সুতরাং সাধারণ নির্বাচনও হতে হবে দলভিত্তিক। এতে করে জনগণ কোনও ব্যক্তি প্রার্থীকে ভোট না দিয়ে পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেবে।

প্রত্যেক দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবে। এক্ষেত্রে অবশ্যই তাদেরকে শর্ত অনুযায়ী ন্যূনতম ভোট পেতে হবে।

প্রত্যেক দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন লাভ করবে। কোনও দল যদি ৫০ শতাংশ ভোট পায় তাহলে তারা সংসদের ১৫০ টি আসন লাভ করবে।

জাতীয় পার্টির এই পদ্ধতি অনুযায়ী স্বতন্ত্র প্রতিনিধিদের জন্যও সুযোগ রাখা হয়েছে। বলা হয়েছে, কোনও স্বতন্ত্র প্রার্থী কোনও আসনে মোট প্রদত্ত ভোটের ৫০ শতাংশের চেয়ে একটি ভোট বেশি পেয়েই নির্বাচিত হতে পারবেন।

জাতীয় পার্টির প্রস্তাবনা অনুসারে নির্বাচন কমিশন সংস্কার করা হলে কোনো কারনে শূণ্য হওয়া আসনে উপ-নির্বাচনের প্রয়োজন হবে না। অর্থাৎ কোনও আসন কোনও কারনে শূন্য হলে উপনির্বাচনের পরিবর্তে ওই দলেরই অন্য কেউ সংসদে সেখানকার প্রতিনিধিত্ব করতে পারবে।

এরশাদ প্রার্থী-তালিকা প্রণয়নে দলগুলোকে কোটা পদ্ধতি অনুসরণের প্রস্তাব করেছেন। তার প্রস্তাবানুসারে রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় ৫০ শতাংশ সাধারণ, ৩০ শতাংশ নারী, ১০ শতাংশ সংখ্যালঘু এবং ১০ শতাংশ কোটা পেশাজীবিদের জন্য থাকতে হবে।

জাতীয় পার্টির এ প্রস্তাবে পূর্ববর্তী সংসদে প্রতিনিধিত্বের আনুপাতিক হারে রাজনৈতিক দলের পরামর্শ অনুসারে উপদেষ্টা নিয়ে নির্বাচনকালীন সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুপারিশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রওশন এরশাদ, রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, শফিউল আলম প্রধান, ফকির আশরাফসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।