সীতাকুন্ডতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, ৫০ জন আহত
চট্টগ্রামের সীতাকুন্ডতে বুধবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সামনে সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের চেয়ার কোচ (চট্ট মেট্রো-১১-০২৯৪) এবং নোয়াখালী থেকে চট্টগ্রামগামী প্রিন্স পরিবহনের একটি বাসের মধ্যে (ঢাকা মেট্রো জ- ১৪০৭৫২) এই সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘন্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ বাস দুটি সরিয়ে নিলে আবার যানবাহন চলাচল শুরু হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচন্ড বৃষ্টির মধ্যে বাস দুটি পরস্পরকে ধাক্কা দিলে বিকট শব্দ হয় হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা শব্দ শুনে দ্রুত বেড়িয়ে এসে উদ্ধার কাজ শুরু করে। আহতদের আর্তনাদে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে যৌথ উদ্ধার কাজ চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রিন্স পরিবহনের অধিকাংশ যাত্রী দুর্ঘটনায় আহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে দু জনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন সীতাকুন্ডের আকতার হোসেন ও মীরেরশ্বরাইয়ের সুভাস বড়–য়া।
দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহত ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে আরও দু জন মারা যায়। আহতরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের ১৯, ২৬, ২৮ এবং সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে মেডিকেল কলেজের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন সীতাকুন্ডের একরামুল হক চৌধুরী বিডিনিউজকে জানান, বাস দু টি দ্রুত গতিতে চলছিল। প্রচন্ড শব্দে বাস একটি অপরটির মধ্যে ঢুকে যায়।
