রাজশাহী অঞ্চলে ডায়রিয়া মহামারির আকার ধারণ করেছে
বিশুদ্ধ খাবার পানির অভাবে রাজশাহীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ৫টিতেই গত সাতদিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আক্রান্ত উপজেলাগুলোর মধ্যে বাগমারা, গোদাগাড়ী, দুর্গাপুর, চারঘাট ও মোহনপুরে ডায়রিয়া মারাত্মক রূপ নিয়েছে, তার মধ্যে বাগমারা উপজেলার বেশ কয়েকটি গ্রামে এটি মহামারি আকার ধারণ করেছে। গত সাতদিনে বাগমারা উপজেলাতেই প্রায় ৫শত লোক আক্রান্ত হয়েছে এবং কয়েকজনের মৃত্যুও হয়েছে।
এসব এলাকার শত শত মানুষ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়ার সাথে পাঞ্জা লড়ছে। খাবার পানির অভাবে এসব অঞ্চলে ডায়রিয়া আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে চিকিৎসকগণ আশঙ্কা করছেন।
তারা আরও জানান, ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি মেডিক্যাল টিম কাজ করছে। প্রতিদিন গড়ে ২০/২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হচ্ছে।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শহিদুল ইসলাম বিডিনিউজকে জানান, বিশুদ্ধ পানির সঙ্কট, পঁচা-বাসি খাবার গ্রহণ, নোংরা জলাশয়ে বাসনপত্র ধোয়া ও গোসল করার কারণেই এসব এলাকায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
বাগমারার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খামারু গত সোমবার উপজেলার বিশেষ সভায় ডায়রিয়ার ভয়াবহতা রোধে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপন ও পর্যাপ্ত স্যালাইন বিতরণের দাবি জানান।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ জহুরুল ইসলাম বলেন, সত্বর বাগমারায় অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বিশুদ্ধ পানি সরবরাহ অধিক জরুরি বলে মন্তব্য করে বলেন, জনস্বাস্থ্য বিভাগের উচিত এসব অঞ্চলে নলকুপের পানির ব্যবস্থা করা।
এদিকে, পর্যাপ্ত খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে তার ব্যাপারে সিভিল সার্জনের দপ্তরে খোঁজ নেওয়া হলে তারা এ অভিযোগ সঠিক নয় বলে জানান।
