২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ জেলার ৯৬ উপজেলায় ডায়রিয়া ব্যাপক আকার ধারণ করেছে

দেশের ৩০ জেলার ৯৬টি উপজেলায় ব্যাপক হারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারও সারাদেশে ডায়রিয়ায় চার জনের মৃত্যু হয়েছে। পানিবাহিত এই রোগে গত এক সপ্তায় মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানায় গত এক মাসে ডায়রিয়ায় ২৭ জনের মৃত্যু হয়েছে এবং এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃতের সংখ্য ৭২।

গত ২৪ ঘন্টায় সারা দেশে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুশ’ ২৫।

কন্ট্রোল রুম সূত্র আরও জানায়, গত এক মাসে সারা দেশে ৬৩ হাজার আটশ’ ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় নিহত চার জনের মধ্যে দু’জন নোয়াখালী জেলার, একজন, ঠাকুরগাঁওয়ের এবং অপর একজন গোপালগঞ্জের।

গোপালগঞ্জে সর্বোচ্চ ২৭৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া ফেনীর একশ’ ৭৬ জন, নোয়াখালীর একশ’ ৭২ জন, কুমিল্লার একশ জন, খুলনার ৯৯, যশোরে ৯৬, দিনাজপুরে ৮৫, নওগাঁ ৮২, চাঁদপুর ৭৯, ঝিনাইদাহ ৬৭, ঠাকুরগাঁও ৪৯, নবাবগঞ্জ ও নাটোর উভয় জেলায় ৪১, জয়পুরহাটে ৪০, পাবনা ৩৮, নারায়ণগঞ্জ ও শরিয়তপুর উভয় জেলায় ৩৩, ঢাকা, বরিশাল ও নড়াইলে ২৭, কুড়িগ্রামে ২৫, রংপুর, পটুয়াখালীতে ২২, চট্টগ্রামে ২০, গাইবান্ধায় ১৭, লালমনিরহাটে ১৩, পঞ্চগড়ে ৮, ভোলায় ৭, রাঙ্গামটি ও খাগড়াছড়িতে ৫ এবং সুনামগঞ্জে ২জন আকান্ত হয়েছে।

আইসিডিডিআরবি’র কর্মকর্তারা জানান, মঙ্গলবার কেন্দ্রীয় হাসপাতালে চারশ’ ৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল এবং ক্লিনিকসূত্র জানায়, আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ করে গামাঞ্চলের হাসপাতালগুলোতে খাবার স্যালাইনের সঙ্কটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

চিকিৎসকরা রাস্তার পাশের খোলা খাবার, পানি এবং রৌদ্র এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।