২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মহিলা ওয়ার্ড কমিশনার

রাজধানীর মিরপুরে মঙ্গলবার সকালে দুর্বৃত্তদের ছোড়া গুলির হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন স্থানীয় একজন মহিলা ওয়ার্ড কমিশনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মিরপুর ১২ নম্বর ওয়ার্ড কমিশনার রুনু আক্তারকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলির পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।

রুনু আক্তার অভিযোগ করেন, তার স্বামী মিস্টারকে হত্যার সাথে জড়িত মিরপুরের চিহ্নিত সন্ত্রাসী শাহাদত, খোরশেদ, জাহাঙ্গীর, মিন্টু, আলী আকবর, আবুল কালাম, ভুলন এবং পা কাটা সোহেল এই হামলা চালিয়েছে।

তবে ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা কোন ককটেল হামলার প্রমান খুঁজে পাননি। র‌্যাবের একজন কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হলেও বিস্ফোরনের কোন আলামত পাওয়া যায়নি।

এদিকে রুনু আক্তারের ভাতিজা রুবেল (২৮) জানান, সাত আট জনের একটি সন্ত্রাসী দল সকাল আনুমানিক ৭ টা ৪০ মিনিটে রুনু আক্তারের পাইকপাড়া আহমদনগরের ৩২১ নম্বর

বাসায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা দু রাউন্ড গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

মিস্টার হত্যার সাথে জড়িতরাই এই হামলা চালিয়েছে বলে রুবেল মনে করেন।

ঘটনার পরপরই আইনশৃংখলা বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।