সাংবাদিক বালু হত্যা মামলার চার্জশীট দাখিল: সাংবাদিক মহলের প্রত্যাখ্যান
দীর্ঘ দশ মাস পর খুলনা প্রেসক্লাব সভাপতি এবং দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যাকান্ডের চার্জশীট মঙ্গলবার আদালতে দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ চার্জশীট দাখিল করেন।
চার্জশীটে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) প্রধান আব্দুর রশীদ মালিথা ওরফে দাদা তপনসহ ৮জনকে আসামী করা হয়েছে। তবে সাংবাদিক মহলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী, গডফাদার এবং অর্থ যোগানদাতাদের নাম এ চার্জশিটে উল্লেখ করা হয়নি।
দাখিলকৃত চার্জশীট প্রত্যাখান করে মামলার পুনঃতদন্ত দাবী করেছেন হুমায়ুন কবির বালুর জেষ্ঠ্য পুত্র দৈনিক জন্মভূমির সম্পাদক আসিফ কবীর। চার্জশীটে উল্লেখিত বালু হত্যাকান্ডের কারনটি যুক্তিযুক্ত হয়নি বলে তিনি এই দাবী জানান।
খুলনার সাংবাদিক সমাজ চার্জশীটকে দায়সারা অভিহিত করে তা প্রত্যাখান করেছে।
গত ৩০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ৪২তম বৈঠকে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিক বালু হত্যাকান্ডের তদন্ত কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্তকাজ শেষ করার তাগিদ দেন। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তদন্তকাজে গাফিলতির জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
