মে মাস থেকে ভাড়া বাড়াচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস
মে মাস থেকে সর্বোচ্চ আট ডলার করে ভাড়া বাড়াবে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। ছয় মাসের মধ্যে এনিয়ে তারা দ্বিতীয়বারের মত ভাড়া বাড়াচ্ছে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ অবশ্য জেট ফুয়েলের দাম বাড়ার কারণে এখনও লোকসানের আশংকা করছে ।
আগামী ১ মে থেকে সিঙ্গাপুর-কুয়ালালামপুর রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের সারচার্জ চার থেকে ১০ ডলারে উন্নীত হবে। ২৬ মে থেকে দূর পাল্লার ফ্লাইটগুলোতে তেলের সারচার্জ আট ডলার করে বাড়বে। বর্তমান ২২ ডলার থেকে বেড়ে এটি ৩০ ডলার হবে। এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইনস অবশ্য ব্যাংকক, ম্যানিলা, জাকার্তা ও হ্যানয় এর মতো দক্ষিণ-পূর্ব এশীয় অন্য শহরগুলোর ফ্লাইটের জন্য সারচার্জ ১০ ডলারের মধ্যে রাখবে।
এয়ারলাইনস সূত্র জানায়, সম্প্রতি তেলের দাম বাড়ায় ভাড়া যতটা বেড়েছে তার সাথে এখনও খরচ বৃদ্ধির ভারসাম্য রক্ষা হয়নি।
এপ্রিলে জেট ফুয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০ ডলার বেড়েছে। গত বছর নভেম্বরে সর্বশেষ সারচার্জ বৃদ্ধির সময় তেলের দাম ছিল ৬০ ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ ডলার।
এয়ারলাইন সূত্র আরও জানায়, জ্বালানী তেলের এই দাম বৃদ্ধির ফলে ২০০৫-০৬ অর্থ বছরে এয়ারলাইনের জ্বালানী খাতে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি অতিরিক্ত খরচ হবে।
সিঙ্গাপুর এয়ারলাইনের পাশাপাশি এয়ার নিউজিল্যান্ড লিমিটেড, কোরিয়ান এয়ার কোম্পানী, কানতাস এয়ার লিমিটেড এবং ভারজিন ব্লু হোল্ডিং লি.ও তাদের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে।
