দখলমুক্ত না করেই ডিসিসি’র সোহরাওয়ার্দী মার্কেটের দোকান বরাদ্দ শুরু
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) অবৈধ দখলমুক্ত না করেই কাপ্তানবাজার সোহরাওয়ার্দী মার্কেটের দোকান বরাদ্দ তেওয়ার উদ্যোগ নিয়েছে।
প্রভাবশালী দখলদার চক্রটি মার্কেটের এক হাজার ৩০০ দোকানের বরাদ্দ তাদের অনুকুলে রাখতে শুরু করেছে তৎপরতা।
তবে ডিসিসি’র সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, লটারিতে বিজয়ীরাই কেবল এ মার্কেটের দোকান বরাদ্দ পাবে। ব্যক্তিগতভাবে কাউকে কোনো দোকান বরাদ্দ দেওয়া হবে না।
ডিসিসির সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা ওই মার্কেটটি ১৯৮৮ সালে ডিসিসির কাছে হস্তান্তর হয়। হস্তান্তরের পর ডিসিসি মার্কেটটি সংস্কার ও পুনর্নিমাণের উদ্যোগ নেয়। এ সময় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে একটি অংশ মামলা করে মার্কেটের যাবতীয় কর্মকাণ্ড স্থগিত করে।
ফলে গত প্রায় ১৫ বছর ধরে মার্কেটটির নির্মাণ কাজ ও বরাদ্দ প্রক্রিয়া স্থগিত থাকে। ডিসিসি’র পক্ষ থেকে মার্কেটটি তালা বন্ধ রাখা হলেও পরে একটি প্রভাবশালী চক্রের মদদে দোকানই বেদখল হয়ে যায়।
দখলদাররা মার্কেটের সব কয়েকটি দোকানই বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়। এ জন্য তারা এককালীন প্রায় ৫০ লাখ টাকা আদায় করে।
সূত্র জানায়, প্রভাবশালী ওই চক্রটি ব্যবসায়ীদের কাছে থেকে মাসে যথাক্রমে দেড় হাজার, এক হাজার ২০০ ও ৭০০ টাকা ভাড়া দিতে হয়। এতে এক হাজার ৩০০ দোকান থেকে প্রতি মাসে ভাড়া বাবদ আদায় করা হয় প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা ।
গত ১০ বছর ধরেই এ টাকা নিয়মিত আদায় করা হয়। কিন্তু দোকান ভাড়ার কোনো টাকাই ডিসিসি’র তহবিলে জমা হয়নি। এতে কর্তৃপক্ষ বঞ্চিত হয় প্রায় সোয়া পাঁচ কোটি টাকার আয় থেকে।
সূত্র জানায়, গত বছর মামলার বাদী পক্ষের গড় হাজিরার কারণে আদালত মামলাটি খারিজ করে দেয়। তবে অন্যান্য প্রক্রিয়া শেষ করতে ডিসিসি প্রায় এক বছর সময় পার করে দেয়। এ সময় কয়েক দফায় মার্কেটটিকে অবৈধ দখলদার মুক্ত করার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়।
ডিসিসি’র বাজার শাখা ও সংশ্লিষ্ট রাজস্ব শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মামলা নিষ্পত্তির পর কর্তৃপক্ষ মার্কেটটির সব দোকানই বৈধভাবে ও লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সাথে মার্কেটটির নির্মাণ কাজ সম্পন্ন করতে অচিরেই দরপত্র আহ্বান করা হবে।
