টাঙ্গাইলে টর্নেডো: মির্জাপুর, সখিপুর ব্যাপক ক্ষতিগ্রস্ত
জেলার মির্জাপুর ও সখিপুর উপজেলার তিনটি ইউনিয়ন মঙ্গলবার টর্নেডোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত কোনও সরকারি সাহায্য এখানে পৌঁছেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
সূত্র জানায়, মির্জাপুরের তরফপুর ইউনিয়নের চারটি গ্রাম এবং সখিপুরের হাতিবান্ধা ও কামিলাচালা ইউনিয়নের ছয়টি গ্রামে সোমবার সকালে টর্নেডো আঘাত হানে। টর্নেডোতে ১০টি গ্রামের কয়েক‘শ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা ভেঙ্গে গেছে এবং ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শিশু ও মহিলাসহ ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
মঙ্গলবার বেলকাচালা, মালতিপাড়া, আমরাতৈল, খুদিয়াকুড়ি, দরানীপাড়া, হাতিবান্ধা এবং টেকিপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, ঘর-বাড়ি হারিয়ে লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে।
হাতিবান্ধা গ্রামের জাবেদ আলী জানান, হঠাৎ করেই প্রচন্ড বেগে ঝড় এসে পুরো গ্রাম লন্ডভন্ড করে দিয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে গ্রামের লোকজন।
