২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল কালিগঞ্জ গণহত্যা দিবস

আগামীকাল ২৭ এপ্রিল ঐতিহাসিক কালিগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল নিরাপদ আশ্রয় প্রত্যাশী তিন‘শ অসহায় মানুষকে। সেদিনের সেই পৈশাচিকতা, বর্বরতা এখনও এখানকার মানুষের স্মৃতিতে ভয়াল কালো দিন হিসেবে ফিরে আসে প্রতিটি বছর, নেমে আসে শোকের ছায়া।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জেলা শহর থেকে কালিগঞ্জের অবস্থান ৩০ কিলোমিটার দুরে। জলঢাকা শহরের ৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছোট্ট একটি বাজার, যার বর্তমান নাম বঙ্গবন্ধু হাট। এখানেই হত্যা করা হয়েছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্তের ওপারে পাড়ি জমানো অসহায় তিন শতাধিক নারী-পুরুষকে। ১৯৭১ সালের ২৭ এপ্রিল সকালে সংঘটিত এই গণহত্যাকান্ডে নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল তরুণ-যুবক।

সেদিন দল বেঁধে নিরাপদ আশ্রয়ের আশায় ভারতের দিকে পা বাড়িয়েছিল কাঁঠালি, বালাগ্রাম, জলঢাকাসহ বিভিন্ন এলাকার মানুষ। কেউ গরুর গাড়িতে, কেউ সাইকেলে আবার কেউ পায়ে হেঁটে রওনা হয়েছিল। ডিষ্ট্রিক্ট বোর্ডের রাস্তার দক্ষিণ-পূর্ব দিক থেকে আমবাড়ী হয়ে সীমান্ত পার হতে চেয়েছিল তারা। কিন্তু উল্টো দিক ডোমার থেকে হঠাৎ পাকিস্তান আর্মির একটি কনভয় এসে তাদের পথরোধ করে দাঁড়াল। ২০/২২ জন পাকসেনা জীপ থেকে নেমে ওই মানুষগুলোর মধ্যে যুবকদের একটি, বয়স্ক পুরুষদের একটি এবং শিশু ও নারীদের আরেকটি দলে ভাগ করে আলাদা করে ব্রাশফায়ারে হত্যা করে।

এলোপাথারি গুলিতে বিদ্ধ হয়ে বেঁচে ছিলেন অনেকেই। বর্বর পাকসেনারা এদের অনেককেই গর্ত খুঁড়ে তার ভেতর ফেলে দেয়। তারপরও জীবন বাঁচাতে অনেকেই উঠে এসেছিল গর্ত থেকে। কিন্তু তাতেও রেহাই মেলেনি, তাদের কাউকে কাউকে জীবন্ত কবর দেয় হানাদার পাক বাহিনী । মৃত্য পথযাত্রী অনেক নারী-পুরুষ একটু পানির জন্য আহাজারি করলে তাদের মুখে বিষ ঢেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

ভয়াল সেই ঘটনায় পিঠে ও ডান বাহুতে গুলিবিদ্ধ হয়েও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন বালাগ্রামের স্কুল-শিক্ষক অমরকৃষ্ণ অধিকারী। জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝঞ্জার কারণেই সেদিনের ১৯ বছরের টগবগে যুবক অমরকৃষ্ণ অধিকারী আজ ৫২ বছরে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক। সেই ঘটনায় দৈব্যক্রমে তিনি বেঁচে গেলেও সেদিন তিনি হারিয়েছিলেন বাবা আর দু’ভাইকে। সাজানো সংসার হারিয়ে তার মা শান্তিবালার জীবন থেকে সব শান্তি উবে গেছে কর্পূুরের মতো। নিজের চোখের সামনে স্বামী-সন্তানদের নির্দয় হত্যাকান্ড দেখার পর থেকে সত্তুর বছরের শান্তিবালা এখনও বদ্ধ পাগল।

অমরকৃষ্ণ অধিকারী, সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিডিনিউজকে জানালেন, ”বয়স্ক পুরুষদের অংশটিকে পার্শবর্তী একটি খালে নিয়ে গুলি করে হত্যা করার পর স্টেনগান দিয়ে ব্রাশফায়ার করা হয় আমাদের ওপর। গুলিবিদ্ধ হয়ে আমরা লুটিয়ে পড়ি। সংজ্ঞা ফিরে আসার পর দেখতে পাই আমি অনেকগুলো লাশের মধ্যে পড়ে আছি। পাক বাহিনীর নির্দেশে স্থানীয় লোকজন লাশগুলোসহ আমাকেও নিয়ে যাচ্ছিল মাটি চাপা দিতে। সে সময় জ্ঞান ফিরে পানি খেতে চেয়ে আবার সংজ্ঞা হারিয়ে ফেলি। তারপর কী হয়েছিল মনে নেই।

সত্তুরোর্ধ নজর আলীর বাড়ি কালিগঞ্জ হাটের পশ্চিমে। কাছাকাছি বাড়ি হওয়ায় ঘরের ভেতর লুকিয়ে সেদিন তিনি নিজ চোখে দেখেছিলেন প্রত্যেকটি ঘটনা। তিনি বলেন, এতোগুলো মানুষকে হত্যা শেষে উল্লাস করে পাকসেনারা চলে যাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে খালের কাছে গিয়ে তার ভেতর চোখ ফেলতেই ভেতরটা কেমন যেন গুলিয়ে ওঠে। হাত-পা কেঁপে ওঠে থরথর করে। দেখলাম খালটায় শত শত মানুষের হাড়-মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে। হাড়-মাংসের স্তুপের ভেতর তখনও কেউ কেউ বেঁচে আছে। তারা নড়াচড়া করছিল। ততক্ষণে আরও অনেকেই আসে সেখানে। সবাই মিলে কয়েক জন জীবিত মানুষকে উপরে তুলে আনি। তাদের বাঁচাতে চেষ্টা করি। তাদের মধ্যে অনেকেই বাঁচেনি।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মনসাদ আলী ও আহমেদ আলীও স্বচক্ষে দেখেছিলেন সে দিনের ঘটনা। তারা আক্ষেপ করে বললেন, সেদিন প্রায় তিন‘শ মানুষ জীবন দিলেও স্বাধীনতার এতোগুলো বছর পরও সরকারীভাবে এই বধ্যভূমিটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হয়নি। সরকারীভাবে অন্তত শহীদদের তালিকাটি প্রণয়নের উদ্যোগ নেয়া যেতো।

এলাকার সলিম উদ্দিন জানালেন, স্থানীয়ভাবে আমরা সেদিনের শহীদদের একটি তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছিলাম। অনেক কষ্ট করে মাত্র ৭৮ জনের একটি তালিকা তৈরি করেছি।

মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ৩৪টি বছর পেরিয়ে গেলেও কালিগঞ্জ গণহত্যার স্মৃতি ধরে রাখতে সরকারীভাবে আজও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বধ্যভূমিটি রক্ষারও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যা দেশের স্বাধীনতার প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি আমাদের উদাসীন মানসিকতারই বহিঃপ্রকাশ।

সব বাধা-বিপত্তি এবং উদাসীন মানসিকতা অতিক্রম করে কালিগঞ্জের বধ্যভূমিটি রক্ষার্থে এবং দেশের স্বাধীনতা অর্জনে যারা আত্মাহুতি দিয়েছেন, সেসব মহান শহীদদের প্রতি সম্মান জানাতে এবং পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সরকারের উচিত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।