মনমোহন সুবিধাজনক সময় ঢাকা সার্ক সম্মেলনে যোগ দিতে ইচ্ছুক
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং যে কোন সুবিধাজনক সময়ে ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
জার্কাতায় অনুষ্ঠিত আফ্রো-এশীয় সম্মেলনে যোগদান শেষে সোমবার রাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান সাংবাদিকদের এ কথা জানান।
এ সম্মেলন চলাকালে মোরশেদ খান আলাদাভাবে মনমোহন সিংয়ের সাথে বৈঠকে বসেন। তিনি জানান, ঠিক কবে সার্ক সম্মেলন অনুুষ্ঠিত হবে, তা নির্ভর করে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর ওপর। সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ বিষয়ে সার্কের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান এবং তার মাধ্যমে অন্যান্য সদস্য রাষ্ট্রকে জানানোর জন্য আমি ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।
সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মোরশেদ খান জানান যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সীমান্তে ‘মৃদু উত্তেজনা’ প্রশমনে পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং-এর সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন। নটবর সিং-ও মোরশেদ খানের সাথে আলাপকালে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানে তাঁর আগ্রহের কথা ব্যক্ত করেছেন বলে তিনি জানান।
