২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত, বিডিআর’র সতর্কাবস্থা

বিডিআর’র সর্বোচ্চ সতর্কাবস্থা সত্ত্বেও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে সোমবার দু জন বাংলাদেশী নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এই হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে গেছে।

বিস্ফোরন্মুখ এই পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ রাইফেলস’র মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম সোমবার সীমান্ত পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের জন্য বেনাপোল চেকপোস্ট সফর করেন।

পেট্রাপোল বিএসএফ ক্যাম্প পরিদর্শনকালে বিডিআর মহাপরিচালককে স্বাগত জানান বিএসএফ ১৯৩

ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার অমৃত সিং। এ সময় বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার তাসমিন আহমেদ এবং যশোর ২৫ রাইফেলস’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মীর মোতাহের হাসান পিএসসি উপস্থিত ছিলেন।

দু পক্ষের বৈঠকের পর বিডিআর মহাপরিচালক বলেন, এটি ছিল একটি সৌজন্য সফর, কোনও পতাকা বৈঠক নয় ।

এদিকে বিএসএফ’র পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব নীতা ভূষণ বলেন, বাংলাদেশের সংবাদপত্রগুলোতে সীমান্ত সংশ্লিষ্ট ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হচ্ছে।

তিনি এ ধরণের সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে মন্তব্য করেন।

তিনি বিএসএফ’র একটি মন্তব্য উদ্ধৃত করে বলেন, সীমান্ত এলাকার উত্তেজনা আলাপ আলোচনার মাধ্যমেই নিরসন করা সম্ভব। “অথচ অহেতুকভাবে এর সাথে শিশুদের ইস্যুকে এই সংঘাতের সাথে সম্পৃক্ত করা হচ্ছে,” তিনি মন্তব্য করেন।

আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার বুড়িরহাট সীমান্তে সোমবার বেলা ১২ টায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যার পর লাশ ভারতে নিয়ে যায়।

নিহত যুবক উত্তম কুমারের (১৬) পিতার নাম ফনি মাস্টার। তার বাড়ি ওই সীমান্তের চলাবলা গ্রামে।

বাংলাদেশ রাইফেলস ১৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.ক. মঞ্জুরুল আহাদ হেলাল পিএসসি জানান, পিলার নং ৯১৬-এর সাব-পিলার নং ১২/এফ এর কাছে ওই যুবক ধানক্ষেতে পানি দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। তার লাশ এখনও বিএসএফ ফেরত দেয়নি।

এ ঘটনায় লালমনিরহাট সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। উভয় সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থায় রয়েছে। উভয়পক্ষের মধ্যে যে কোনও সময় গোলাগুলি শুরু হতে পারে।

এদিকে সীমান্ত এলাকায় ভারী অস্ত্রশস্ত্রসহ বিএসএফ টহল দিয়ে বেড়াচ্ছে। দেখামাত্র গুলির নির্দেশসহ তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিডিআরও সতর্কাবস্থায় রয়েছে এবং জিরো লাইনে বিএসএফ প্রবেশ করলেই গুলির নির্দেশসহ পুরো সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারতীয় সীমান্ত পর্যবেক্ষক চৌকিতে ভারী অস্ত্রসহ সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার থেকে সার্চ লাইটের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের ওপর কড়া নজর রাখছে তারা।

বাংলাদেশ রাইফেলস’র জোয়ানরাও পূর্ণ সতর্কাবস্থায় রয়েছে। গত ২২ এপ্রিল আখাউড়ায় বিডিআর ও বিএসএফ’র মধ্যে গুলি বিনিময়ের পর সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

ঠাকুরগাঁও জানায়, জেলার হরিপুর সীমান্তে সোমবার সন্ধ্যায় বিএসএফের গুলিতে নিহত হয়েছে একজন বাংলাদেশী। নিহত ওই ব্যক্তি একজন হতদরিদ্র কৃষক বলে বিডিআর সূত্র জানায়।

জানা যায়, সিংহারী গ্রামের জনৈক সুলতান আলীর ছেলে আশরাফুল (২৮) নামের একজন কৃষক ক্ষেতে সেচ দেওয়ার সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যায়। বজরুক সীমান্ত ক্যাম্পের ৩৬১/এফ সীমানা পিলারের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী দুই যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দু পক্ষের মধ্যে ৩৫ মিনিটের এক পতাকা বৈঠকের পর সোমবার বিকেলে নিহত জাহিদুল ও আখতারুজ্জামানের মরদেহের কফিন হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশপুর সীমান্তের (যাদবপুর) পারগোপালপুর এলাকার ৪৮নং মেইন পিলারের কাছে সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হওয়া পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যাদবপুর কোম্পানি কমাণ্ডার জাহাঙ্গীর আলম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০৪ ব্যাটেলিয়নের কমাণ্ডার ডিকে শর্মা। বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধিরা নিহতদের কফিন হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আখতারুজ্জামানের শরীরে দুটি এবং জাহিদুলের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে জখম করার চিহ্নও রয়েছে।

উল্লেখ্য গত শনিবার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের জিরো লাইনে বিএসএফ সম্পূর্ণ অনৈতিকভাবে দু যুবককে হত্যা করে লাশ নিয়ে যায়। এ ব্যাপারে বিডিআরের পক্ষ থেকে বারবার পত্র দেয়া হলেও বিষয়টি বিএসএফ বারবার এড়িয়ে যাচ্ছিল।

আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, লাশ ফেরত নেওয়ার জন্য দুপুর থেকে মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্তের জিরো লাইনের কাছে বিডিআর ও নিহতের আত্মীয় স্বজন লাশের জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল চারটার দিকে বিএসএফ পিক-আপে করে সাদা কাপড়ে জড়ানো লাশ দুটি ৪৮ নম্বর মেইন পিলারের কাছে নিয়ে আসে। দু’পক্ষের মধ্যে ৩৫ মিনিটের পতাকা বৈঠকের পর লাশগুলো হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তরের সময় বিএসএফ সশস্ত্র অবস্থায় বাংলাদেশের দিকে কড়া নজর রাখছিল।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, কমলগঞ্জের কুরমা ও কালাউড়ার শরীফপুর ও আলীনগর সীমান্তে বিডিআর সতর্কাবস্থায় সার্বক্ষণিক পাহারা দিচ্ছে।

কুলাউড়া আলীনগর সীমান্ত লাগুয়া রাঙ্গডিটি গ্রামের কৃষকদের ৭টি মহিষ ও ১টি গরু ধরে নিয়ে গেছে ভারতের সশস্ত্র সন্ত্রাসীরা।

বিডিআর উত্তেজনা নিরসনে পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তা প্রত্যাখ্যান করেছে বলে সীমান্তের দায়িত্বশীল একটি সূত্র জানায়।