নবীনগরে অনির্দিষ্ট কালের জন্য হরতাল শুরু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় পৌরভবন নির্মাণের স্থান নির্ধারণকে কেন্দ্র করে পৌরবাসী সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য হরতাল ডেকেছে। এ পরিস্থিতিতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে মনোমোহন পাবলিক পার্কের খোলা জায়গায় সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করে। ওই এলাকায় নির্মাণ কাজ বাতিল এবং পৌরএলাকার মধ্যস্থলে নির্মাণের দাবিতে স্থানীয় জনগণ হরতালের ডাক দেয়।
নবীনগরে এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। সকাল ১১টার দিকে নয়টি গ্রামের শত শত লোক বিক্ষোভ মিছিল করে। পরে তারা ইউএনওকে স্মারকলিপি প্রদান করে। এদিকে হরতাল সামাল দিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নবীনগর পৌরসভার বিভিন্ন পয়েন্টে দাঙ্গাপুলিশ মোতায়েন করা হয়েছে।
