বিচারপতি ফায়েজি'র ওকালতির সনদ বাতিল
দেশের পেশাদার আইনজীবীদের প্রধান সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজি’র ওকালতির সনদ বাতিল করেছে । ভুল তথ্য প্রদান করে ওকালতির সনদ গ্রহণের কারণে বিচারপতি ফায়েজি’র বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়।
অন্যদিকে রাষ্ট্রপতির নির্দেশে অতিরিক্ত বিচারপতির কার্যালয় থেকে সৈয়দ শহীদুর রহমানকে অপসারণ সংক্রান্ত এক সিদ্ধান্তকে হাইকোর্টের অবৈধ ঘোষণার রায়ের ওপর সোমবার সুপ্রীম কোর্ট ছয়মাসের স্থগিতাদেশ জারি করেছে।
বিচারপতি ফায়িজি’র সনদ বাতিল প্রসঙ্গে সুপ্রীম কোর্টের আইনজীবীরা জানান, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনও আইনজীবী বা বিচারকের ওকালতির সনদ বাতিল করা হলো।
বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, ফয়সাল মাহমুদ ফায়েজি’র বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ কিছু সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে এবং তাঁকে আর হাইকোর্টের বিচারক হিসেবে গণ্য করা যায় না।
তিনি বিডিনিউজকে বলেন, ‘একজন আইনজীবী হিসেবে এ ধরনের জালিয়াতির কারণে আমি আর কারও ওকালতির সনদ বাতিল হতে দেখিনি। বার কাউন্সিল থেকে সনদপত্র গ্রহণের সময় ফায়েজি দু বছর লুকিয়েছিলেন। সনদপত্র গ্রহণকালে তিনি জানিয়েছিলেন যে তিনি ১৯৬৫ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন, কিন্তু তাঁর এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুসারে তার জন্ম তারিখ ১৫ সেপ্টেম্বর, ১৯৬৩। বার কাউন্সিল আইনের ৬২ (৫) ধারা অনুযায়ী জালিয়াতির অভিযোগে কোনও আইনজীবীর সনদ বাতিল করা যায়।”
জালিয়াতির আশ্রয় নিয়ে ওকালতির সনদ গ্রহণ করায় বার কাউন্সিল বিচারপতি ফায়েজি’র বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। বার কাউন্সিলের সচিবকে এ ব্যাপারে মামলা দায়েরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজি’র এলএলবি সার্টিফিকেট সংক্রান্ত বিরোধ নিয়ে বার কাউন্সিলে রোববার রাতে এক সভা অনুষ্ঠিত হয়।
ফায়েজির এলএলবি সনদপত্রের ওপর বিরোধের পরিবর্তে প্রধান বিচারপতি তার জন্য হাইকোর্টে বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়ায় সভায় সমালোচনা করা হয়।
বিচারপতি ফায়েজি’র এলএলবি সনদপত্রের জালিয়াতি সংক্রান্ত সংবাদপত্রের খবরের ভিত্তিতে সুপ্রীম কোর্টের আইনজীবীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে ২০০৪ সালের ৩১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ জেডআর মুদাসসির হুসেইন বিচারপতি ফায়েজিকে হাইকোর্ট বেঞ্চ থেকে প্রত্যাহার করে নেন।
বিচারপতি ফায়েজি’র পিতা এ্যাড. মোহাম্মদ ফয়েজ তার ছেলে সম্পর্কে ‘আপত্তিকর প্রতিবেদন’ প্রকাশ করায় প্রথম আলো ও ভোরের কাগজের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন। ওই মামলায় এ্যাড. ফয়েজ তার অনুকূলে রায় পান। প্রধান বিচারপতি সম্প্রতি বিচারপতি ফায়েজি’র জন্য হাই কোর্ট বেঞ্চ গঠন করেছে।
এর আগে বার কাউন্সিল ২০০৪ সালের ৪ নভেম্বর ভুল তথ্য প্রদানের দায়ে কেনো ওকালতির সনদ বাতিল করা যাবে না সেজন্য বার কাউন্সিল বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়।
বার কাউন্সিল আরও জানতে চেয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফায়েজি’র মূল সনদপত্র ও নম্বরপত্র বাতিল করেছিল কিনা। কিন্তু কারণ দর্শানো নোটিশের কোনও জবাব দেননি বিচারপতি ফায়েজি।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিল সদস্য মাহবুবে আলম, সাহারা খাতুন, ইউসুফ হোসেন হুমায়ূন, মেজবাহউদ্দিন সিরাজ, এম এ সালাম, জহুরুল হক ও সরদার সুরুজ্জামান।
সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন বিচারপতি ফায়েজি’র বেঞ্চ বয়কট করে আসছে। এসোসিয়েশনের এ কর্মসূচী অব্যাহত থাকবে যতদিন না বিচারপতি ফায়েজি’র এলএলবি সনদপত্র নিয়ে কোনও সুরাহা না হয়।
