২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে সোমবার বেলা ১২ টায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যার পর লাশ ভারতে নিয়ে যায়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

নিহত যুবক উত্তম কুমারের (১৬) পিতার নাম ফনি মাস্টার। তার বাড়ি ওই সীমান্তের চলাবলা গ্রামে।

বাংলাদেশ রাইফেলস ১৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.ক. মঞ্জুরুল আহাদ হেলাল পিএসসি জানান, পিলার নং ৯১৬-এর সাব-পিলার নং ১২/এফ এর কাছে ওই যুবক ধানক্ষেতে পানি দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। তার লাশ এখনও বিএসএফ ফেরত দেয়নি।

এ ঘটনায় লালমনিরহাট সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। উভয় সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থায় রয়েছে। উভয়পক্ষের মধ্যে যে কোনও সময় গোলাগুলি শুরু হতে পারে।

এদিকে সীমান্ত এলাকায় ভারী অস্ত্রশস্ত্রসহ বিএসএফ টহল দিয়ে বেড়াচ্ছে। দেখামাত্র গুলির নির্দেশসহ তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিডিআরও সতর্কাবস্থায় রয়েছে এবং জিরো লাইনে বিএসএফ প্রবেশ করলেই গুলির নির্দেশসহ পুরো সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারতীয় সীমান্ত পর্যবেক্ষক চৌকিতে ভারী অস্ত্রসহ সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার থেকে সার্চ লাইটের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের ওপর কড়া নজর রাখছে তারা।

বাংলাদেশ রাইফেলস এর জোয়ানরাও পূর্ণ সতর্কাবস্থায় রয়েছে। গত ২২ এপ্রিল আখাউড়ায় বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলি বিনিময়ের পর সীমান্তে উত্তেজনা দেখা দেয়।