২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরন্তর দারিদ্র সুস্বাস্থ্যের অন্তরায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, নিরন্তর দারিদ্র সুস্বাস্থ্যের অন্তরায়। দারিদ্রের বৃত্ত ভাঙতে হলে আমাদের অস্বাস্থ্য-অপুষ্টির বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

তিনি চিকিৎসকের মহান পেশাকে অর্থ উপার্জনের পরিবর্তে সেবার কাজে ব্যবহারের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

সোমবার ঢাকার মহাখালির বক্ষব্যাধি হাসপাতাল কমপ্লেক্সে জাতীয় অ্যাজমা সেন্টারের উদ্বোধন এবং ন্যাশনাল একাডেমী অব হেলথ ম্যানেজমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, স্বাস্থ্য সচিব এএসএম সরোয়ার কামাল, বিএমএ সভাপতি ডা. আব্দুল হাদী, ড্যাব সভাপতি ডা. একেএম আজিজুল হক, বিএমএর মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এম. আব্দুর রহমান খান।

এরআগে প্রধানমন্ত্রী অ্যাজমা সেন্টারের উদ্বোধন ও একাডেমি অব হেলথ ম্যানেজমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, চিকিৎসার এই মহান পেশার ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। সেবা বিক্রির পণ্য নয়, সেবা সকলকে দান করতে হবে। আন্তরিকতা দিয়ে সেবা করে রোগী ও তার পরিবারের শ্রদ্ধা অর্জন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য সেক্টরে সার্বিক জাতীয় সামর্থ বাড়াতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় তিন সহস্রাধিক শয্যা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে।

তিনি বলেন, সরকার বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ১৭৪ জন সহকারি সার্জন নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করেছে। প্রতিটি হাসপাতালে শয্যার অনুপাতে চিকিৎসক ও প্রয়োজনীয় স্টাফ নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে।