কুয়েতে বাংলাদেশের দূতাবাসে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের হামলা
সাত শ’রও বেশি বাংলাদেশি শ্রমিক রোববার কুয়েতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। হামলায় দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খানকে উদ্ধৃত করে বিবিসি পরিবেশিত খবরে বলা হয়, হামলায় দূতাবাসে আসা দু’জন বাংলাদেশি নাগরিক সামান্য আহত হন।
দূতাবাসের ডাকে সাড়া দিয়ে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা কয়েকজন শ্রমিককেও গ্রেপ্তার করে।
দীর্ঘদিন ধরে মজুরি না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা দূতাবাসে এ হামলা চালায় বলে রাষ্ট্রদূত জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি কুয়েতি ক্লিনিং কোম্পানিতে চাকুরিরত বাংলাদেশি শ্রমিকরা এ হামলা চালায়। হামলায় দূতাবাসের আসবাবপত্র, জানালা ও নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
এক শ্রমিক অভিযোগ করে বলেন, গত পাঁচ মাস ধরে তারা কোনও বেতন পাচ্ছে না। কুয়েত শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সুরায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ হামলার ঘটনায় কোন কূটনীতিক ও কর্মকর্তা আহত হননি। তবে তাদের কেউ কেউ নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী থানায় গিয়ে আশ্রয় নেয়।
হামলা চলাকালে শ্রমিকরা দূতাবাসের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হয় এবং অভ্যন্তরীণ আসবাবের ধ্বংস সাধন করে।
নিয়োগকর্তার ওপর সরাসরি চাপ প্রয়োগে ব্যর্থ হয়েই শ্রমিকরা এ হামলা চালিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।
প্রায় দেড় লাখেরও অধিক বাংলাদেশি শ্রমিক কুয়েতে কর্মরত রয়েছে।
