২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে হাইকোর্টের রুল জারি

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরেও কোন অধিকার বলে খায়রুজ্জামান চৌধুরী একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব পদে অধিষ্ঠিত আছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

গতকাল রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ খায়রুজ্জামান চৌধুরী ও সংস্থাপন সচিবের ওপর এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে এ ব্যাপারে আদালতকে অবহিত করার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়।

খায়রুজ্জামান চৌধুরীর দুই পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং নিয়োগের মেয়াদ বৃদ্ধির সরকারি এক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এস শরিফুদ্দিন আহমেদ নামে এক ব্যবসায়ীর দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।

২০০২ সালের ৪ ফেব্রুয়ারি খায়রুজ্জামানের সরকারী চাকরিরর মেয়াদ শেষ হয়। ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি পরবর্তী একবছরের জন্য তাকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আইআরডি’র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ বছর ৪ ফেব্রুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হয় এবং ৬ ফেব্রুয়ারি তার চাকরির মেয়াদ আরও একবছর বাড়ানো হয়।

জনস্বার্থ মামলা হিসেবে এই রিটটি দায়ের করা হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাসুদ আর সোবহান এবং সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী এ্যাটর্নি জেনারেল জামান আখতার বুলবুল।