জামাত ও একটি মুসলিম রাষ্ট্র আহমদিয়া বিরোধী কার্যকলাপে মদদ দিচ্ছে: বিডিনিউজকে আহমদিয়া প্রধান
বর্তমান চারদলীয় জোট সরকারের অন্যতম অংশীদার জামাতে ইসলামী আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনের পেছনে মদদ দিচ্ছে বলে আহমদিয়া সম্প্রদায়ের একজন শীর্ষ নেতা অভিযোগ করেন।
আহমদিয়া সম্প্রদায়ের নায়েবে আমির প্রফেসর মীর মোবাশ্বের আলী রোববার বকশী বাজারের আহমদিয়া কমপ্লেক্সে বার্তা সংস্থা বিডিনিউজের সাথে এক সাক্ষাৎকারে আহমদিয়া সম্প্রদায় বিরোধী প্রচারণা চালানোর জন্য দক্ষিণ এশিয়ার একটি মুসলমান রাষ্ট্রকে দায়ি করেছেন।
প্রফেসর আলী বলেন, জামাতে ইসলামী একটি বিদেশি গোয়েন্দা সংস্থা’র সমর্থনপুষ্ট (কোনও দেশের নাম উল্লেখ করেননি) এবং রাজনৈতিক ফায়দা হাছিলে জন্য তারা ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত আন্দোলনে মদদ যোগাচ্ছে।
তিনি আরও বলেন, ওই দেশের বাংলাদেশ দূতাবাস থেকে আহমদিয়াদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রচারণা চালানোর জন্য বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। এ ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আহমদিয়ার বিরুদ্ধে নির্যাতনের পেছনে ইসলামী ঐক্যজোটের একজন শীর্ষ নেতারও মদদ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নিজেদের পক্ষে দর কষাকষির জন্য তারা জোট সরকারের প্রধান শরীক বিএনপি’র ওপর চাপ দিচ্ছে।
অধ্যাপক আলী আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলন’র হামলা থেকে আহমদিয়া ও তাদের মসজিদ রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার শিথিল আচরণের নিন্দা জানান।
তিনি বলেন, পুলিশ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করলে সাতক্ষীরা, নারায়নগঞ্জ ও নাখালপাড়ায় অনাকাঙ্খিত ঘটনা ঘটতো না।
তবে তিনি আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলনের বিজয়ের কোনও সম্ভাবনা দেখছেন না বলে জানান।
অধ্যাপক আলী বলেন, বাংলাদেশ পাকিস্তান নয় যে মৌলবাদিরা আমাদেরকে অমুসলিম হিসেবে চিহিৃত করতে সফল হবে। বাংলাদেশের উদার সাংস্কৃতিক এতিহ্যে গোড়ামির কোনও স্থান নেই।
তিনি বিশ্বাস করেন, এ দেশের লোকজন সনাতনি বা গোঁড়া নয়, তারা ধর্মভীরু ও শান্তিপ্রিয়। কিন্তু বর্তমানে জাতির ভিতকে বিপন্ন করতে আহমদিয়াকে একটি ইস্যু সৃষ্টি করা হয়েছে।
আহমদিয়াদের পৃথক কালেমা রয়েছে (ইসলামের পাঁচ স্তম্ভের একটি), অধ্যাপক আলী ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত আন্দোলনের এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান। তিনি বলেন, নবী মোহাম্মদ (স:) সম্পর্কে তারা যা বলে তা ঠিক না, আমরা বিশ্বাস করি হযরত মোহাম্মদ (স:) শেষ নবী।
হাদীসে মুসলমান সম্পর্কে স্পষ্ট সংঙ্গা রয়েছে বিধায় আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিটি অ-ইসলামিক। বুখারী শরিফ কিতাবাস সালাতের একটি হাদীসের উল্লেখ করে তিনি বলেন, “যে আমাদের মত কিবলামুখি হয়ে নামাজ পড়ে এবং জবাই করা মাংস ভক্ষণ করে সে একজন মুসলমান।”
আহমদিয়াদের সমর্থনে কোনও কথা না বলায় অধ্যাপক আলী দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন।
তিনি বলেন, আদর্শগতভাবে কেউ কোনও বিশেষ ক্ষেত্রে সন্ত্রাসের সমর্থন না করলেও ভোট হারানোর ভয়ে কোনও বড় রাজনৈতিক দল আমাদের পক্ষে কথা বলেনি।
